অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি হাঁকালেন, মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পেলেন না মুমিনুল হক, আর মুশফিক হাফসেঞ্চুরির দোরগোড়ায়। শান্ত-মুমিনুলের ১৭০ রানের জুটি আর দলীয় ৩০১ রান, সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনটা ছিল টাইগার ব্যাটারদের।
এদিন ৮৫ ওভারে ৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ৪৮ আর লিটন দাস ৮ রানে অপরাজিত আছেন।
দিনের শুরুতে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৮ রান করে ফেরেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। কিছুক্ষণ পরই হাসান আলীর বলে ১৩ রানে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। তখন ২ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩১ রান।
সেখান থেকে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। ব্যাটিং নৈপুণ্যে শান্ত তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির ঠিক পরই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। ২০১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মুমিনুল হকের সঙ্গে ১৭০ রানের বিশাল এক জুটি। এরপর মাঠে আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
তবে আজ সেঞ্চুরি হাঁকাতে পারলেন না মুমিনুল। বাঁহাতি স্পিনার নোমান আলীর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হলেন তিনি। ১৯৯ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রানে থামে মুমিনুলের ইনিংসটি।
দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হয়নি। মুশফিক-লিটন দেখে-শুনে পার করে দিয়েছেন সময়টা। মুশফিকুর রহিম ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে আগামীকাল দিনের খেলা শুরু করবেন।