আর মাত্র দুই দিন, এরপরই ফুটবল মহোৎসবে মেতে উঠবে বিশ্ব। ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপ। এবারই প্রথম কোনো বিশ্বকাপ যৌথভাবে তিনটি দেশে (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে নিউইয়র্কের ফাইনাল (১৯ জুলাই) পর্যন্ত ১৬টি শহরে রেকর্ড ১০৪টি ম্যাচ হবে। ঐতিহাসিক এ টুর্নামেন্টকে বরণ করতে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আয়োজন করা হচ্ছে তিনটি ভিন্ন কিন্তু একই সূত্রে গাঁথা উদ্বোধনী অনুষ্ঠান।
তিন দেশের উদ্বোধনী অনুষ্ঠানের মূল ভাবনা
উদ্বোধনী অনুষ্ঠানগুলোর দায়িত্বে আছেন মার্কো বালিচ, যিনি ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকসহ বেশ কয়েকটি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল কারিগর। তিনটি দেশে আলাদা অনুষ্ঠান হলেও এর মূল থিম একই— ফুটবল কীভাবে সীমান্ত, ভাষা ও সংস্কৃতির ভিন্নতা অতিক্রম করে মানুষকে একত্রিত করে। তবে প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবে। কানাডার থিম ‘কালচারাল মোজাইক’, মেক্সিকোর থিম ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’, কাগজ কেটে তৈরি করা রঙিন অলংকার, যা মেক্সিকোর উৎসব-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আর যুক্তরাষ্ট্রের থিম হবে একটি ‘সুপার শাইনিং, গ্লোয়িং কাপ’।
প্রতিটি অনুষ্ঠানই উদ্বোধনী ম্যাচ শুরুর ঠিক ৯০ মিনিট আগে শুরু হবে। ‘দি অ্যাথলেটিক’র তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির অনুষ্ঠানটি চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানগুলোর স্থায়িত্ব হবে প্রায় ১৩ মিনিট করে। পারফরম্যান্স শেষেই মাঠ খেলোয়াড়দের ওয়ার্ম-আপের জন্য ছেড়ে দেয়া হবে এবং ম্যাচ শুরুর ২৫ মিনিট আগে প্লেয়ার ওয়াকআউট ও অফিশিয়াল পরিচিতিসহ মূল প্রটোকল শুরু হবে।
মেক্সিকো সিটি: ঐতিহ্য ও বিশ্বখ্যাত তারকাদের মেলা
বিশ্বকাপের পর্দা উঠবে মেক্সিকো সিটি স্টেডিয়ামে (যা পূর্বে এস্তাদিও অ্যাজটেকা নামে পরিচিত)। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে উদ্বোধনী ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে মেক্সিকো সরকার। সেইসঙ্গে স্কুল বন্ধ থাকবে, থাকবে হোম অফিসের ব্যবস্থা। স্টেডিয়াম এলাকায় কেবল টিকিটধারী ও অনুমোদিত ব্যক্তিরাই প্রবেশ করতে পারবেন।
- কারা পারফর্ম করছেন: মেক্সিকোর উদ্বোধনী আসরে স্থানীয় আদিবাসী শিল্পী এবং লোকজ সংস্কৃতির পাশাপাশি পারফর্ম করবেন বিশ্বখ্যাত একঝাঁক তারকা। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের শিল্পীদের মধ্যে থাকবেন আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশেন, জে বালভিন, লিলা ডাউন্স, লস অ্যাঞ্জেলেস আজুলিস এবং মানা। এছাড়া থাকবেন দক্ষিণ আফ্রিকান গায়িকা-গীতিকার টাইলা। বিশেষ আকর্ষণ হিসেবে শাকিরা ও বার্না বয় পারফর্ম করবেন তাদের ‘দাই দাই’ গানটি নিয়ে।
টরন্টো: ঘরের মাঠে কানাডার প্রথম ইতিহাস
কানাডার উদ্বোধনী অনুষ্ঠানটি হবে টরন্টো স্টেডিয়ামে। অনুষ্ঠানটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে। একটি বিশেষ কাউন্টডাউনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে যা দর্শকদের ‘কানাডার উপকূল থেকে উপকূলে’ এক ভার্চুয়াল ভ্রমণে নিয়ে যাবে।
- কারা পারফর্ম করছেন: ‘সাংস্কৃতিক মোজাইক’ থিমের ওপর ভিত্তি করে কানাডার বৈচিত্র্য তুলে ধরতে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, ইলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্স। অনুষ্ঠান শেষে কানাডার পুরুষ জাতীয় দল তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলবে ঘরের মাটিতে, যেখানে তাদের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।
লস অ্যাঞ্জেলেস: গ্ল্যামার ও পপ সংস্কৃতির ঝলক
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী উৎসবটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। আমেরিকার সমৃদ্ধ পপ সংস্কৃতি ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা মাথায় রেখে এই আয়োজন সাজানো হয়েছে।
- কারা পারফর্ম করছেন: এখানে বড় আকারের ভিজ্যুয়াল ও ইমার্সিভ স্টোরিটেলিংয়ের সাথে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ফিউচার, আনিত্তা, লিসা, রেমা এবং টাইলা। অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্র তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে।
দর্শক সমাগম এবং কীভাবে দেখবেন? ফিফা আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও ধারণা করা হচ্ছে, তিনটি স্টেডিয়াম মিলিয়ে প্রায় ২ লাখ দর্শক সরাসরি মাঠে বসে উদ্বোধনী অনুষ্ঠানগুলো উপভোগ করবেন। আর বিশ্বজুড়ে টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে কোটি কোটি মানুষ এটি দেখবেন।
- টেলিভিশন ও স্ট্রিমিং: যুক্তরাষ্ট্রের দর্শকেরা ফক্স, এফএস১, টেলেমুন্ডো এবং ইউনিভার্সো চ্যানেলে এটি দেখতে পাবেন। এছাড়া ‘টুবি’ অ্যাপে বিনামূল্যে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম দিনের ম্যাচগুলো দেখা যাবে। সব ম্যাচ দেখতে ফক্স ওয়ান, পিকক এবং টেলেমুন্ডো অ্যাপ ব্যবহার করা যাবে।
- আন্তর্জাতিক সম্প্রচার: কানাডায় সিটিভি, টিএসএন ও আরডিএস; মেক্সিকোতে টেলেভিসা ও টিভি আজটেকা এবং যুক্তরাজ্যে বিবিসি ও আইটিভি’র মাধ্যমে খেলা ও অনুষ্ঠান দেখা যাবে। এছাড়া আল জাজিরার ডেডিকেটেড পেজেও লাইভ টেক্সট কমেন্ট্রি ও রিয়েল-টাইম ফলাফল পাওয়া যাবে।
আল জাজিরা অবলম্বনে