হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে আল আহলির কাছে হেরে শিরোপা খোয়ালো আল নাসর। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে ৫-৩ ব্যবধানে জয় পায় আল আহলি। এই ম্যাচে গোল করে নতুন এক রেকর্ড গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দলের পরাজয় তার শততম গোলের মাইলফলককে ম্লান করে দিল। সৌদি আরবে এখনো কোনো বড় ট্রফি জিততে পারেননি রোনালদো।
শনিবারের এই ম্যাচে ৪০ বছর বয়সী রোনালদো আল নাসরের হয়ে তার শততম প্রতিযোগিতামূলক গোলটি করেন। এর আগে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি এবং জুভেন্টাসের হয়ে ১০১টি গোল করেছেন। ফুটবল ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড় যিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করার অনন্য কীর্তি গড়লেন। এর আগে এই রেকর্ড ছিল স্পেনের ইসিদ্রো লাঙ্গারা, ব্রাজিলের রোমারিও এবং নেইমারের দখলে— যারা তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করেছিলেন।
ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। যদিও এর কিছুক্ষণ পরেই আল আহলির ফ্রাঙ্ক কেসি গোল করে সমতা ফিরিয়ে আনেন। খেলার যখন সাত মিনিট বাকি, তখন মার্সেলো ব্রোজোভিচ আল নাসরের হয়ে আবারও গোল করে এগিয়ে দেন। তবে, শেষ মুহূর্তে কর্নার থেকে হেডে গোল করে আল আহলির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজ ফাইনালকে নিয়ে যান পেনাল্টি শ্যুটআউটে।
সেখানে রোনালদো গোল করলেও তার সতীর্থ আব্দুল্লাহ আল-খাইবারি গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত, ৫-৩ গোলে জিতে সৌদি আরবের মৌসুমের প্রথম ট্রফি ঘরে তোলে আল-আহলি।
আল নাসরে আসার পর প্রায় দুই বছরেও দলের জন্য বড় সাফল্য এনে দিতে পারেননি সিআরসেভেন। ১৩৮ আন্তর্জাতিক গোল আর পাঁচটি ব্যালন ডি’অর থাকলেও সৌদি অধ্যায়ে তার ক্যারিয়ার অনেকাংশেই শূন্য ট্রফির হতাশায় ঢাকা।