লড়াইটা শেষ পর্যন্ত জমেছিল শেষ ওভার পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৫ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায়িত্ব তুলে দেন দলের অন্যতম সেরা পেসার মারুফা আক্তারের হাতে। কিন্তু প্রথম বলেই বাউন্ডারি হাঁকান দক্ষিণ আফ্রিকার ব্যাটার। পরের বল থেকে এক রান নিয়ে চার্লি ট্রায়ন জয়ের সমীকরণ মিলিয়ে দিলে ৪ উইকেটের হারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।
আজ লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের প্রথম ডেলিভারিতে উইকেট হারায় টাইগ্রেসরা। গোল্ডেন ডাক মারেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। রানের খাতা খুলে ইনিংসের চতুর্থ ওভারে সাজঘরে ফিরেন বাংলাদেশের আরেক ওপেনার তাজ নেহার। ১২ বলে ১ রান করেন তিনি। ১৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের হাল ধরেন সোবহানা মোস্তারি ও শারমিন আক্তার। ৬২ বলে ৫৬ রানের জুটিতে দলকে চাপমুক্ত করেন তারা।
দলীয় ৭০ ও ৭৭ রানে সাজঘরের পথ ধরেন দু’জনই। শারমিন ১টি চারে ২৯ বলে ২২ এবং সোবহানা ৩টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৪২ রান করেন। ছয় নম্বরে নেমে ৪ রানের বেশি করতে পারেননি স্বর্ণা আকতার। ৯৫ রানে পঞ্চম উইকেট পতনের পর ইনিংসের শেষ ১১ বলে বাংলাদেশকে ২২ রান এনে দেন অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১১৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ৪টি চার ও ১টি ছক্কায় ২০ বলে অনবদ্য ৩২ রান করেন নিগার। ১ রানে অপরাজিত থাকেন রিতু। দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ২ উইকেট নেন।
দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকারে মেতে উঠে বাংলাদেশ। পেসার মারুফা আক্তারের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটার ও অধিনায়ক লরা উলভার্ট। এরপর ৫২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে ভালো অবস্থায় নেন তাজমিন ব্রিটস ও আনিরি ডার্কসেন। ৭ রানের ব্যবধানে এ দুই সেট ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তার। ব্রিটস ২০ ও ডার্কসেন ৪৫ রান করেন। এরপর ভ্যান নির্কাককে ৪ রানে বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা এবং মারিজানে কাপ্প ১৬ রানে রান আউট হয়ে বিদায় নিলে জয়ের লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। শেষ ১৫ বলে ১৬ রান দরকার পড়ে দক্ষিণ আফ্রিকার। কিন্তু শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের নাহিদা ২টি, মারুফা-মেঘলা ও রিতু মনি ১টি করে উইকেট নেন।