বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে ফিফা বিশ্বকাপ যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার-সংক্রান্ত এ ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

তিনি বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।’

চীন সরকারের আমন্ত্রণে বর্তমানে দেশটিতে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাতে চাই।’

মন্ত্রী আরো বলেন, এই সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক-নির্দেশনায়। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, জনসাধারণের অর্থ ব্যয় না করেই বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার করা সম্ভব হবে।

সম্প্রচারস্বত্ব এবং অংশীদারত্বের চূড়ান্ত ব্যবস্থাপনা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য মন্ত্রণালয় আজই ঘোষণা করবে বলে জানা গেছে।

আরও