চ্যাম্পিয়ন্স লিগ

দিয়াজের জোড়া গোল ও লাল কার্ড, পিএসজিকে হারাল ১০ জনের বায়ার্ন

মৌসুমের এই প্রথম হারের পর পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, ১১ জনের বিরুদ্ধে বায়ার্ন সন্দেহাতীতভাবে বেশি ভালো খেলেছে এবং সেটাও ইউরোপের সেরা দলের বিরুদ্ধে।

এবারের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বোদ্ধাদের নড়েচড়ে বসতে বাধ্য করল বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়ন পিএসজিকে যেভাবে হারিয়েছে বাভারিয়ানরা, সেটাই লুইস এনরিকের দলের অপ্রতিরোধ্য রূপকে কিছুটা হলেও বদলে দিয়েছে। লুইস দিয়াজের জোড়া গোল, তারপর আশরাফ হাকিমিকে চার্জ করে প্রথমার্ধের শেষ দিকেই তার লাল কার্ড— ১০ জনের দলে পরিণত হয়েও পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন। ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে টেবিলের শীর্ষে এখন জার্মান জায়ান্টরা।

ম্যাচের মাত্র ৪ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ। এরপর ৩২তম মিনিটে মার্কুইনোসের ভুলে বল ছিনিয়ে নিয়ে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি, স্কোরলাইন তখন ২-০। তবে প্রথমার্ধেই উসমান দেম্বেলের একটি গোল অফসাইডে বাতিল হয়। সে সঙ্গে, ইনজুরির কারণে মাঠ ছাড়েন ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে আশরাফ হাকিমিকে পেছন থেকে ফাউল করে প্রথমে হলুদ কার্ড দেখেন দিয়াজ। ভিএআর পর্যালোচনার পর সেটি হয়ে যায় লাল কার্ড। অ্যাঙ্কেলে মারাত্মক চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন হাকিমি। এই চোটের কারণে তিনি মরক্কোয় হতে যাওয়া আফকন টুর্নামেন্টও মিস করতে পারেন।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় একজন বেশি নিয়ে খেলেও বায়ার্নের রক্ষণ দেয়ালে বারবার ধাক্কা খেয়েছে পিএসজি। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় হোয়াও নেভেস দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করে ব্যবধান কমান (২-১)। শেষদিকে পিএসজি গোল শোধ করার জন্য মরিয়া আক্রমণ চালালেও বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের কয়েকটি দুর্দান্ত সেভ জার্মান দলটিকে জয় এনে দেয়।

মৌসুমের এই প্রথম হারের পর পিএসজি কোচ লুইস এনরিকে স্বীকার করেছেন, ১১ জনের বিরুদ্ধে বায়ার্ন সন্দেহাতীতভাবে বেশি ভালো খেলেছে এবং সেটাও ইউরোপের সেরা দলের বিরুদ্ধে।

এই জয়ের ফলে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে টানা পঞ্চমবারের মতো জয় পেল। আর চলতি মৌসুমে টানা ১৬ জয়ের দেখা পেল কোম্পানির দল।

আরও