লা লিগা

গোলপোস্ট ও সোসিয়েদাদে থামল বার্সার ১২ ম্যাচের জয়যাত্রা

এই হারে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের ওপর বার্সেলোনার লিড এখন মাত্র এক পয়েন্ট।

নতুন আমেরিকান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জোর অধীনে এটি রিয়াল সোসিয়েদাদ অপরাজিত রইল টানা চতুর্থ ম্যাচ। অন্যদিকে বার্সেলোনা রইল দুর্ভাগ্য আর আফসোস নিয়ে—৫ বার পোস্টে শট, দুটি বাতিল গোল, একটি বাতিল পেনাল্টি। থেমে গেল ১২ ম্যাচের জয়যাত্রা।

বৃষ্টিস্নাত রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর সান সেবাস্তিয়ানে ২-১ গোলে হেরে বসল হানসি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখল ভিএআর এবং বার্সার দুর্ভাগ্য; কারণ এদিন গোলপোস্টেই তাদের পাঁচটি শট প্রতিহত হয়েছে।

ডান প্রান্তে ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল ছিলেন দুর্দান্ত। একের পর এক আক্রমণে সোসিয়েদাদ রক্ষণকে নাস্তানাবুদ করেন এই কিশোর তারকা। দানি ওলমো তার বাড়ানো বলে নিশ্চিত সুযোগ নষ্ট করেন, আর ইয়ামাল নিজে জাল খুঁজে পেলেও মিলিমিটারের ব্যবধানে অফসাইডে তার গোল বাতিল হয়। ফ্র্যাঙ্কি ডি ইয়ংও অফসাইডের ফাঁদে পড়ে গোল হারান।

সবকিছু নিয়ন্ত্রণে রেখেও গোল খায় বার্সেলোনা। ম্যাচের ৩২ মিনিটে গঞ্জালো গেদেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠান মিকেল ওয়ারজাবাল। প্রথমার্ধে বলের দখল ও সুযোগ—সবই ছিল বার্সার, কিন্তু স্কোরবোর্ডে এগিয়ে রইল স্বাগতিকরা।

এরপর আরো নাটক। ইয়ামালকে বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজালেও ভিএআর দেখায়, আক্রমণের শুরুতেই ইয়ামাল ছিলেন অফসাইডে। বাতিল হয় পেনাল্টিও। অদ্ভুতভাবে, অর্ধশেষে বার্সেলোনা এগিয়ে থাকার কথা থাকলেও ড্রেসিংরুমে ফিরল পিছিয়ে থেকে।

বৃষ্টি যত বাড়ে, বার্সেলোনার আক্রমণও তত তীব্র হয়। কিন্তু গোলপোস্ট যেন দাঁড়ালো তাদের শত্রু হয়ে! দানি ওলমো দুইবার পোস্টে মারেন, রবার্ট লেভানডোভস্কির হেডার অবিশ্বাস্যভাবে ক্রসবারে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো। পরে জুল কুন্দের হেডও আঘাত হানে ক্রসবারে। সব মিলিয়ে পাঁচবার পোস্টে লেগে ফিরে আসে বার্সার শট।

ফ্লিক মাঠে নামান হোয়াও কানসেলো, লেভানদোভস্কি ও মার্কাস রাশফোর্ডকে। পরিবর্তনের ফল আসে ৭০ মিনিটে। ইয়ামালের নিখুঁত ক্রসে রাশফোর্ডের জোরালো হেডে সমতা ফেরে, ১–১।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিক অফের পরপরই কার্লোস সোলেরের শট রুখে দেন হোয়ান গার্সিয়া। কিন্তু রিবাউন্ডে সোলের আবার বল পেয়ে গেদেসকে বাড়ান, যিনি বল জালে পাঠিয়ে আবারও এগিয়ে দেন রিয়াল সোসিয়েদাদকে। এক মুহূর্তের রক্ষণভ্রষ্টতাই বার্সার সর্বনাশ ডেকে আনে।

শেষ দিকে পেদ্রির ওপর ভয়ংকর ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখেন কার্লোস সোলের। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল সোসিয়েদাদ। যোগ হয় ৯ মিনিট। কর্নার থেকে রাশফোর্ড সরাসরি পোস্টে মারেন, ফার্মিন ও লেভানডোভস্কির শট আটকে দেন রক্ষণ ও গোলরক্ষক। একের পর এক আক্রমণ ঠেকিয়ে অবশেষে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

নতুন আমেরিকান কোচ পেল্লেগ্রিনো মাতারাজ্জোর অধীনে এটি রিয়াল সোসিয়েদাদ অপরাজিত রইল টানা চতুর্থ ম্যাচ। অন্যদিকে বার্সেলোনা রইল দুর্ভাগ্য আর আফসোস নিয়ে—৫ বার পোস্টে শট, দুটি বাতিল গোল, একটি বাতিল পেনাল্টি। থেমে গেল ১২ ম্যাচের জয়যাত্রা।

এই হারে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের ওপর বার্সেলোনার লিড এখন মাত্র এক পয়েন্ট। শিরোপা লড়াই এখন পুরোপুরি খোলা। সান সেবাস্তিয়ানের এই বৃষ্টিভেজা রাত দেখালো, শেষ বাঁশি না বাজা পর্যন্ত লা লিগায় কিছুই নিশ্চিত নয়।

আরও