তামিম ইকবাল ও সাকিব আল হাসানের ইস্যুতে বিশ্বকাপের আগে উত্তাল ছিল বাংলাদেশের ক্রিকেট। সাকিবের কাছে প্রথমে নেতৃত্ব ও পরে দলেও জায়গা হারান তামিম। এ নিয়ে অনেক নাটকীয়তা হয়। যার নেতিবাচক প্রভাব পড়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সে। সেই থেকে এ দুজনের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকে। ওই ঘটনার পর গতকাল ফের মাঠে দেখা দুজনের এবং দুজন ছিলেন ভিন্ন দলে। বিপিএলে গতকাল সাকিবের দলকে হারিয়ে দিয়েছে তামিমের দল।
রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেয়ার প্রস্তাবে রাজি হননি সাকিব। নইলে গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস করতে সামনাসামনি হতেন দুজন। সেটি করতে না হলেও মাঠে ঠিকই মুখোমুখি হলেন এবং এই লড়াইয়ে জিতলেন তামিম। সাকিবের রংপুরকে ৫ উইকেটে হারিয়ে এবারের আসরে শুভসূচনাই করল তামিমের ফরচুন বরিশাল।
টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম। পেসার খালেদ আহমেদ (৪/৩১) এবং স্পিনার মেহেদী হাসান মিরাজ (২/১৩) ও দুনিত বেলালাগের (১/১৭) দুরন্ত বোলিংয়ের মুখে রংপুর ৯ উইকেটে ১৩৪ রানের সাদামাটা সংগ্রহ পায়। শামীম হোসেন ৩৪, শেখ মেহেদী হাসান ২৯ ও নুরুল হাসান ২৩ রান করেন। সাকিব ৩ বলে ২ রান করে খালেদের বলে বোল্ড হয়ে যান।
রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম সর্বোচ্চ ৩৫ রান করেন ২৪ বলের মোকাবেলায়। ইনিংসটি সাজান তিনি ৫টি বাউন্ডারি ও ১ ছক্কায়। এছাড়া মুশফিকুর রহিম ২৭ বলে ২৬, মিরাজ ১৮ বলে ২০, মাহমুদউল্লাহ ১১ বলে ১৯ ও শোয়েব মালিক ১৮ বলে ১৭ রান করেন। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল সাকিব। সদ্যই সংসদ সদস্য নির্বাচিত হওয়া এ ক্রিকেটার স্পিন বলে ৪ ওভারে ১৬ রান দিয়ে দুটি শিকার করেন। আরেক স্পিনার হাসান মুরাদ ৪ ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট নেন।
যদিও সাকিব ও মুরাদের এ প্রচেষ্টা বিফলেই যায়। কেননা তাদের দল ছোট্ট পুঁজি নিয়ে জিততে পারেনি। ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বরিশালের পেসার খালেদ আহমেদ।
সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। পরদিন সাকিবের রংপুর খেলবে আরেক সংসদ সদস্য মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে।