নির্ধারিত সময়ে ফলাফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, বদলি নামা মিডফিল্ডার ট্রেজেগুয়েত গড়ে দেন ব্যবধান। রোববার শ্বাসরুদ্ধকর ম্যাচে মরোক্কোকে হারিয়ে আফ্রিকা নেশনস কাপের সেমিফাইনালে উঠেছে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন মিশর। ক্যামেরুনের আহমাদু আহিদজো স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মরোক্কোকে ২-১ গোলে হারায় তারা।
শুরুর ৬ মিনিটে সোফিয়ানে বউফাল পেনাল্টি থেকে মরোক্কোকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ মিশরকে সমতায় ফেরান। নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১০ মিনিটে জয়সূচক গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ট্রেজেগুয়েত।
আরেক ম্যাচে একুয়াটোরিয়াল গিনিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে সেনেগাল। খেলার ২৮ মিনিটে ফ্যাসারা দিয়েধিও সেনেগালকে এগিয়ে নেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। ৫৭ মিনিটে জেনিক বায়লা গিনির হয়ে সমতা টানেন। ১০ মিনিট পর চেইখো কুয়াতে সেনেগালকে আবারো এগিয়ে নেন। ৭৯ মিনিটে ইসমাইলা সার একুয়াটোরিয়াল গিনির জালে শেষ পেরেকটি ঠুকে দেন।
আগামী বুধাবার রাত ১টায় বুরকিনা ফ্যাসোর বিপক্ষে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সেনেগাল। বৃহস্পতিবার রাত ১টায় শক্তিশালী স্বাগতিক ক্যামেরুনের বিপক্ষে লড়বে মিশর।