অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে
অস্ট্রেলিয়া। তৃতীয় দিন জো রুট ও ডেভিড মালানের ব্যাটে লড়াইয়ের সম্ভাবনা দেখে ইংলিশরা। কিন্তু আজ শনিবার চতুর্থ দিনে অজিদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই
পারেনি তারা।
এদিন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন। দ্বিতীয় ইনিংসে ইংলিশদের চার উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের (৪০৩* উইকেট) মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ক্রিকেটের দীর্ঘ সংস্করণে ১৭তম বোলার হিসেবে এ কীর্তি গড়েন লায়ন।
দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ২৯৭ রান। এতে লড়াইয়ের জন্য মাত্র ১৯ রানের পুঁজি পায় দলটি! দ্বিতীয় ইনিংসে ৫.১ ওভারে এক উইকেট হারিয়ে অনায়াসে জয় তুলে নেয় অজিরা। প্রথম ইনিংসে অতিথিদের সংগ্রহ ছিল ১৪৭ রান। অপর দিকে স্বাগতিকরা করে ৪২৫ রান। অস্ট্রেলিয়া লিড পায় ২৭৮ রানের। এ জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।
২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার অ্যালেক্স ক্যারির উইকেট হারায় অজিরা। ৯ রান করেন তিনি। মার্কাস হ্যারিস ৯ ও মার্নাস লাবুশেন ০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে ড্রেসিং রুমে ফেরেন।
এর আগে তৃতীয় দিন দুই উইকেটে ২২০ রান করেছিল ইংল্যান্ড। আজ সেখান থেকে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে বাকি আট উইকেট হারায় দলটি। আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান আজ শুরুতেই ফেরেন। মালান ইনিংসে যোগ করেন ২ রান। ব্যক্তিগত ৮২ রানে নাথান লায়নের শিকার হন তিনি। এজন্য মোকাবেলা করেছেন ১৯৫ বল, ছিল ১০টি চারের মার।
নিজের ইনিংসে ৩ রান যোগ করে ফেরেন রুটও। ১৬৫ বলে ৮৯ রান আসে ইংলিশ অধিনায়কের ব্যাট থেকে। ১০ রাউন্ডারিতে সাজান ইনিংসটি। এর পর বেন স্টোকস ১৪, ওলি পোপ ৪, জশ বাটলার ২৩, ক্রিস ওকস ১৬, ওলি রবিনসন ৮ ও মার্ক উড ৬ রানে ফেরেন।
প্রথম ইনিংসে ১৫২ রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ট্রাভিস হেড। আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। যেটি হবে দিবা-রাত্রি।