ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে লিভারপুলের ২-০ গোলের জয়ে প্রশ্নটা আরো জোরালো হলো। ২০২৪ সালের এপ্রিলের পর এই প্রথম প্রিমিয়ার লিগে বেঞ্চে রাখা হলো মোহামেদ সালাহকে, সেটিও আবার লন্ডন স্টেডিয়ামে। গতবার এই মাঠেই ক্লপের সঙ্গে টাচলাইন বিবাদ ও ‘ইফ আই স্পিক দেয়ার উইল বি ফায়ার’ মন্তব্যেই আগুন জ্বালিয়েছিলেন অলরেডদের ইজিপশিয়ান কিং। তবে এবার সিদ্ধান্তটি নিলেন নতুন কোচ আর্নে স্লট, এবং প্রেক্ষাপটটাও সম্পূর্ণ ভিন্ন।
এবার আলোচনার কেন্দ্রে লিভারপুলের ভবিষ্যৎ কেমন হবে এই কিংবদন্তি ফরোয়ার্ডকে ছাড়া।
৩৩ বছর বয়সী সালাহ এ মৌসুমে ফর্ম হারিয়েছেন, এবং আসন্ন আফ্রিকা কাপ অব নেশনসে অংশ নেবেন বলে লিভারপুল এ সময়টায় তাকে পাবে না। এ অবস্থায় সাবেক ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনিসহ অনেকেই পরামর্শ দিয়েছিলেন সালাহকে বাদ দেয়ার। ধারাবাহিক খারাপ ফলের মাঝে স্লট অবশেষে সাহসী সিদ্ধান্ত নিলেন—আর তা যথার্থ প্রমাণিত হলো।
স্লটের পুনর্গঠিত দলে প্রত্যাশিত আনলেন গ্রীষ্মের দলবদলে দুই ব্যয়বহুল নতুন সাইনিং। নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে আসা আলেকজান্ডার ইসাক ৩১০ মিনিটের লিগ গোল-খরার অবসান ঘটালেন দুর্দান্ত হাফ ভলিতে। ১১৬ মিলিয়ন পাউন্ডের জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান ভার্জ গোটা ম্যাচজুড়ে আক্রমণ সাজাতে রাখলেন নজরকাড়া ভূমিকা।
ডমিনিক সোবোস্লাইকে আবার তার স্বাভাবিক রাইট উইং আক্রমণাত্মক ভূমিকায় ফেরান স্লট, বাম দিকে কোডি গাকপো এবং সামনে ইসাককে রেখে। গাকপো ইসাকের গোলে অ্যাসিস্ট করলেন এবং অতিরিক্ত সময়ে নিজেও গোল করে জয় নিশ্চিত করলেন।
রক্ষণের দিকেও উন্নতি আনে স্লটের বিন্যাস। প্রায় ১১ মাস পর লিগে প্রথমবারের মতো রাইটব্যাকে জো গোমেজকে খেলিয়ে লিভারপুলের ডিফেন্স দৃঢ় করেন তিনি—যে দলটি শেষ তিন ম্যাচে ১০ গোল খেয়েছিল। আর এ ম্যাচে ক্লিন শিট।
বেঞ্চ থেকে সবকিছুই দেখলেন সালাহ। স্লট অবশ্য ম্যাচের পর বলেন, সালাহর নতুন দুই বছরের চুক্তি এবং তার মান সবাই জানে। দলের ভবিষ্যতে তিনি এখনো গুরুত্বপূর্ণ।
তবে অ্যালান শিয়ারারের মন্তব্য ছিল স্পষ্ট, ‘তিনি ভালো খেলছেন না, তাই সিদ্ধান্ত মেনে নিতে হবে।‘
তারপরও সালাহকে অবহেলা করা বিপজ্জনক। ৪১৯ ম্যাচে ২৫০ গোল, ৩০০ প্রিমিয়ার লিগ ম্যাচে ১৮৮ গোল এবং ৬৪ শতাংশ জয়ের রেকর্ড তাকে রেখেছে আলাদা উচ্চতায়। বেশি দূরে না, গত মৌসুমেই তো প্রায় এককভাবে শিরোপা ফেরানোর মিশনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
ইসাক ম্যাচ শেষে বলেন, ‘স্ট্রাইকার হিসেবে মোমেন্টাম দরকার। আশা করি এটাই নতুন শুরু।‘ ভার্জও দেখালেন কেন তাকে নিয়ে এত আলোচনার ঝড় উঠেছিল।
২০ সেপ্টেম্বরের পর এটি লিভারপুলের মাত্র দ্বিতীয় লিগ জয়। শেষ ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরেছে অলরেডরা, যার মাঝে আছে লিগে ৭ ম্যাচে ৬ পরাজয়। ফলে স্লটের ওপর চাপ কিছুটা কমল, এবং দল যে তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে, সে বিশ্বাসও মিলল।
বুধবার সান্ডারল্যান্ডের বিপক্ষে সালাহ একাদশে ফিরবেন কি না—সেটিই এখন বড় প্রশ্ন। উইনিং কম্বিনেশন ভাঙার যৌক্তিক কারণ না থাকলে সালাহ হয়তো সেখানেও বেঞ্চ গরম করবেন।