টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প হতে পারে স্কটল্যান্ড

প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে চূড়ান্তভাবে জানাতে হবে তারা ভারত সফরে গিয়ে টি-২০ বিশ্বকাপ খেলবে কি না। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। আইসিসি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছে বলে দাবি বিভিন্ন গণমাধ্যমের।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

ইএসপিএন ক্রিকইনফো বলেছে, গত শনিবার ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বিসিবির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী হলেও নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে খেলতে যাবে না। তবে আইসিসি এই দাবি নাকচ করে দিয়ে আশ্বস্ত করেছে যে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

গত ৪ জানুয়ারি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিলে এ ঘটনার সূত্রপাত হয়। বিসিসিআইয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সিদ্ধান্তের পেছনে ছিল ভারতে কতিপয় গোষ্ঠীর মুস্তাফিজ-বিরোধী অবস্থান। বিসিবি পাল্টা যুক্তি দেয়, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা বিসিসিআই নিশ্চিত করতে পারছে না, সেখানে পুরো জাতীয় দলের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?

বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল। এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের (যাতে সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলা যায়) প্রস্তাবও দেয়া হয়। কিন্তু আইসিসি এ সকল প্রস্তাবই বাতিল করে দিয়েছে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডও নিশ্চিত করেছে যে, তাদের সূচি পরিবর্তন হচ্ছে না এবং তারা শ্রীলঙ্কাতেই খেলবে।

যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ বর্জন করে, তবে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী সেরা দল হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয়া হবে। বর্তমানে স্কটল্যান্ড র‍্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাতের চেয়ে এগিয়ে ১২তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিলে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশ রয়েছে 'গ্রুপ বি'-তে, যেখানে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি।

আরও