মালদ্বীপে ‘কাভা কাপ ২০২৫’ খেলতে প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল

প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কিরগিজস্তান, স্বাগতিক মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশগ্রহণ করবে। আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক টুর্নামেন্ট

মালদ্বীপে অনুষ্ঠেয় ‘কাভা কাপ ফর উইমেন ২০২৫’-এ অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ নারী ভলিবল দল। আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক টুর্নামেন্ট।

দীর্ঘ চার মাসের কঠোর ও পরিকল্পিত প্রশিক্ষণ ক্যাম্প সফলভাবে শেষ করে আগামী ১৭ ডিসেম্বর অধিনায়ক মোসা. সাবিনা খাতুনের নেতৃত্বে মালের উদ্দেশে রওনা দেবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, কিরগিজস্তান, স্বাগতিক মালদ্বীপ ও তুর্কমেনিস্তানের মতো শক্তিশালী দল অংশগ্রহণ করবে। ফলে এবারের কাভা কাপ নারী ভলিবলের জন্য অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলের প্রস্তুতিতে সর্বাত্মক সহায়তা করছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ফেডারেশনের প্রেসিডেন্ট ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান ব্যক্তিগত উদ্যোগে দলকে তিন সেট অফিসিয়াল দলীয় কিট সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমবার দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে আমাদের নারী ভলিবল দল। মেয়েদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমি আশাবাদী, তারা ট্রফি জিতে বিজয়ীর বেশেই দেশে ফিরবে।

এ সময় তিনি দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে দলের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন। ফারুক হাসান আরো জানান, নারী ভলিবলের উন্নয়নে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অন্যদিকে, বাংলাদেশ ভলিবল নারী কমিটির চেয়ারম্যান মিস শারমিন হাসান তিথি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিতে শুরু থেকেই দলের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি জানান, উন্নত প্রস্তুতি, শৃঙ্খলা ও দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ নারী ভলিবল দল কাভা কাপ ২০২৫-এ অংশ নিচ্ছে। মেয়েরা দেশের জন্য ভালো কিছু উপহার দিতে সর্বোচ্চ চেষ্টা করবে বলে অভিমত তার। -বিজ্ঞপ্তি

আরও