ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো স্কোয়াড থেকে নেইমারকে বাদ দিলেন কার্লো আনচেলত্তি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের এই স্কোয়াডে বড় চমক হিসেবে ফিরেছেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মিডফিল্ডার লুকাস পাকেতা। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে অব্যাহতি দেয়ার পর প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন এই মিডফিল্ডার।
নেইমারের বাদ পড়ার কারণ হিসেবে আনচেলত্তি সোমবার বলেছেন যে, আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে নেইমারসহ আরো কয়েকজন খেলোয়াড়কে শতভাগ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করতে হবে। ব্রাজিল এরইমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আনচেলত্তি বলেন, ‘নেইমারকে সবাই চেনে, জাতীয় দল এবং ব্রাজিলের সব সমর্থক তাকে ভালোবাসে। কিন্তু বাকি সবার মতোই নেইমারকে ভালো শারীরিক অবস্থায় ফিরতে হবে, যাতে সে দলকে সাহায্য করতে পারে এবং বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারে। এই দুটি ম্যাচ আমাদের বাছাইপর্বের শেষ খেলা, এবং আমরা এই পর্ব ভালোভাবে শেষ করতে চাই।‘
ব্রাজিল তাদের বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।
বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই চোটের সঙ্গে লড়ছেন। গত এপ্রিলে উরুর চোটের কারণে মে মাসে ঘোষিত আনচেলত্তির প্রথম স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। সর্বশেষ ধাক্কাটি আসে গত বৃহস্পতিবার। সান্তোস জানায়, অনুশীলনে আবারো পেশীর চোটে পড়েছেন নেইমার।
২০২৩ সালের অক্টোবরে বাম পায়ের হাঁটুর এসিএল ও মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই তারকা ফরোয়ার্ড।
এদিকে, দলে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো জায়গা পেয়েছেন। পাশাপাশি, চেলসির তরুণ প্রতিভা এস্তেভাওকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে।
ব্রাজিলের পূর্ণাঙ্গ স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও হুগো সুজা।
ডিফেন্ডার: অ্যালেক্স রিবেইর, অ্যালেক্স সান্দ্রো, কাইয়ো হেনরিকে, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কুইনোস, ভ্যান্ডারসন এবং ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, জোয়েলিংটন ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেলি, হোয়াও পেদ্রো, কাইয়ো জর্জ, লুইজ হেনরিকে, ম্যাথেয়াস কুনহা, রাফিনিয়া ও রিচার্লিসন।