প্রিমিয়ার লিগ

৬০০ ম্যাচ পর 'শটবিহীন' লিভারপুল, ড্র ম্যাচে গানারদের ডিফেন্স মাস্টারক্লাস

লিভারপুল শেষবার প্রিমিয়ার লিগে গোলমুখে কোনো শট নিতে ব্যর্থ হয়েছিল প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালের ৮ মার্চ উইগান অ্যাথলেটিকের বিপক্ষে সেই ম্যাচে ০-১ গোলে হেরেছিল মার্সিসাইডের দলটি।

প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। তবে এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের ম্যাচে গানাররা মাঠ ছেড়েছে এক অনন্য রেকর্ড গড়ে। আর্নে স্লটের লিভারপুলকে এতটাই বোতলবন্দি করে রেখেছিল মিকেল আর্তেতার শিষ্যরা যে, পুরো ৯০ মিনিটে গোলমুখে একটি শটও নিতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে গত ৬০০ ম্যাচের মধ্যে এই প্রথম এমন লজ্জার মুখে পড়ল অলরেডরা।

লিভারপুলের সেই পুরোনো ভূত পরিসংখ্যান বলছে, লিভারপুল শেষবার প্রিমিয়ার লিগে গোলমুখে কোনো শট নিতে ব্যর্থ হয়েছিল প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালের ৮ মার্চ উইগান অ্যাথলেটিকের বিপক্ষে সেই ম্যাচে ০-১ গোলে হেরেছিল মার্সিসাইডের দলটি। আজ এমিরেটসের বৃষ্টিস্নাত রাতে আর্সেনালের রক সলিড ডিফেন্সের সামনে সালাহবিহীন লিভারপুল আক্রমণভাগকে আবারো সেই পুরোনো স্মৃতিতে ফিরে যেতে হলো।

ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা পয়েন্ট হারানোয় শীর্ষস্থান আরো পোক্ত করতে জয়ের বিকল্প ছিল না গানারদের সামনে। শুরু থেকেই বুকায়ো সাকা ও ওডেগার্ডরা ঝাপিয়ে পড়েন লিভারপুলের রক্ষণে। সাকার ড্রিবলিংয়ে কুপোকাত হচ্ছিলেন লিভারপুল ডিফেন্ডার মিলোস কার্কেজ। কিন্তু ফিনিশিংয়ের অভাব আর্সেনালকে বারবার হতাশ করেছে। ভিক্টর গিয়োকেরেসের গোলখরা আরো দীর্ঘায়িত হলো। টানা ১১ ম্যাচে ওপেন প্লে থেকে জালের দেখা পাননি এই সুইডিশ স্ট্রাইকার। শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েলের দুটি নিশ্চিত সুযোগ হাতছাড়া না হলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত স্বাগতিকরা।

রক্ষণ যখন চীনের প্রাচীর জিতে না পারলেও আর্সেনালের রক্ষণভাগ আজ এক বড় বার্তা দিয়েছে। উইলিয়াম স্যালিবা ও গ্যাব্রিয়েল জুটি লিভারপুলের ফ্লোরিয়ান ভির্জ এবং ডোমিনিক সোবোসলাইদের কোনো জায়গাই দেয়নি। মাঝে স্যালিবার এক অসতর্ক ব্যাকপাস থেকে কনর ব্র্যাডলি চিপ করে বল জালে জড়ানোর চেষ্টা করলেও তা ক্রসবারে লেগে ফিরে আসে। লিভারপুলের জন্য এছাড়া বলার মতো কোনো সুযোগই তৈরি হতে দেয়নি গানারদের ডিফেন্স।

ঝড়, বৃষ্টির প্রভাবে মুষলধারে বৃষ্টির মধ্যেও গ্যালারি ছিল টইটম্বুর। ম্যাচের শেষ দিকে উত্তেজনা চরমে পৌঁছায় যখন গ্যাব্রিয়েল মার্টিনেলি চোটাক্রান্ত কনর ব্র্যাডলিকে মাঠের বাইরে ঠেলে দেয়ার চেষ্টা করেন। রেফারি অ্যান্থনি টেইলর মার্টিনেলিকে লাল কার্ড না দেখানোয় লিভারপুল শিবির ক্ষোভ প্রকাশ করলেও আর্নে স্লট শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হন।

এই ড্রয়ের পর ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এখন ৬ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরেই পড়ে রইল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। শিরোপা জয়ের ২২ বছরের অপেক্ষা ঘোচাতে হলে গানারদের যে রক্ষণের সঙ্গে আক্রমণভাগকেও সমান ধারালো হতে হবে, এমিরেটসের ম্যাচ যেন সেই বার্তাই দিয়ে গেল।

আরও