চ্যাম্পিয়নস লিগ

আর্সেনালের কাছে বায়ার্নের আত্মসমর্পণ, শীর্ষে আর্তেতার দল

দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এই বায়ার্নের কাছেই হেরেছিল আর্সেনাল। কিন্তু এবারের লড়াইয়ে গানাররা দেখালো, এবার বহুদূর যাওয়ার তাদের পক্ষে সম্ভব। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার ধারা বজায় রাখলো তারা।

চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে বুধবার রাতে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। দীর্ঘ এক দশক পর বায়ার্নের বিরুদ্ধে এই প্রথম জয় পেল মিকেল আর্তেতার দল। চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলেও ১৫ পয়েন্ট নিয়ে এখন এককভাবে শীর্ষে গানাররা।

দুই বছর আগে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এই বায়ার্নের কাছেই হেরেছিল আর্সেনাল। কিন্তু এবারের লড়াইয়ে গানাররা দেখালো, এবার বহুদূর যাওয়ার তাদের পক্ষে সম্ভব। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার ধারা বজায় রাখলো তারা।

ম্যাচের ২২তম মিনিটে বুকায়ো সাকার কর্নার থেকে জুরিয়েন টিম্বার হেডে লক্ষ্যভেদ করে আর্সেনালকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিদিন স্থায়ী হয়নি। দশ মিনিট পরেই ছয়বারের ইউরোপ সেরা বায়ার্নের হয়ে সমতা ফেরান তাদের ১৭ বছর বয়সী তরুণ ফুটবলার লেনার্ট কার্ল। এবারের চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিরুদ্ধে গোল করা প্রথম খেলোয়াড়ই তিনি।

প্রথমার্ধে বায়ার্নকে আত্মবিশ্বাসী দেখালেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয় আর্সেনাল। এই অর্ধে স্কোয়াডের গভীরতা দেখিয়েছে আর্তেতার দল। আক্রমণের ধার বেড়ে যায় আরো। বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা দিতে হয়। রাইসের একটি দূরন্ত শটও বাঁচান নয়ার। ক্রমাগত প্রেসিংয়ে বাভারিয়ানদের মিডফিল্ড ও রক্ষণকে সারাক্ষণ চাপে রেখেছে গানাররা।

অবশেষে ৬৯তম মিনিটে ডেডলক ভাঙে। রিকার্ডো কালাফিওরির বাঁ দিক থেকে বাড়ানো ক্রস থেকে গোল করেন বদলি হিসেবে নামা ননি মাদুয়েকে। চেলসি থেকে আসার পর আর্সেনালের জার্সিতে এটিই তার প্রথম গোল।

এর আট মিনিট পর নয়ারের ভুলে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরেক বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্টিনেলি। এবার নয়ার পোস্ট ছেড়ে বাইরে এসে এবেরেচি এজের পাস আটকাতে গিয়ে ব্যর্থ হন। ফাঁকা জালে বল ঠেলতে কোনো অসুবিধাই হয়নি ব্রাজিলিয়ান উইঙ্গার মার্টিনেলির।

পুরো ম্যাচে বায়ার্নের তারকা স্ট্রাইকার হ্যারি কেইনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন ডেকলান রাইস। সঙ্গে, পুরনো প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্সেনাল সমর্থকদের ঠাট্টা তো ছিলই!

ইন্টার মিলান হেরে যাওয়ায়, এ মুহূর্তে একমাত্র আর্সেনালেরই আছে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট। নকআউট পর্বে তাই গানারদের জায়গা নিয়ে খুব বেশি চিন্তার সুযোগ নেই।

আরও