জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠেছে রিয়াল মাদ্রিদ। জাবি আলোনসোর শিষ্যদের এই জয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ফুটবল বিশ্ব উপভোগ করতে যাচ্ছে মৌসুমের অন্যতম কাঙ্ক্ষিত ‘এল ক্লাসিকো’। গত বুধবার অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা।
ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ২ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল মাদ্রিদ। উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দের এক বুলেট গতির ফ্রি-কিক পরাস্ত করে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাককে। অ্যাটলেটিকোর তৈরি করা হিউম্যান ওয়ালে থাকা আলেকজান্ডার সরলথের ভুলে বলটি জালে জড়ায়। চলতি মৌসুমের কঠিন সময়ে নিজের প্রথম গোলটি পেয়ে বুনো উল্লাসে মাতেন ভালভার্দে।
ম্যাচের ৫৫ মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। মাঝমাঠ দিয়ে অ্যাটলেটিকোর ডিফেন্স চিরে ভেতরে ঢুকে অত্যন্ত ঠান্ডা মাথায় ওবলাককে পরাস্ত করেন তিনি। গত ৫ ম্যাচে এটি রদ্রিগোর তৃতীয় গোল।
দুই গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ডিয়েগো সিমিওনের দল। ৫৮ মিনিটে গিলিয়ানো সিমিওনের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করে ব্যবধান কমান আলেকজান্ডার সরলথ। গোলটি করার আগে রিয়াল ডিফেন্ডার রাউল আসেন্সিওকে হালকা ধাক্কা দিলেও রেফারির বাঁশি থেকে বেঁচে যান এই নরওয়েজিয়ান স্ট্রাইকার।
ম্যাচের শেষ দিকে সমতা ফেরানোর একাধিক সুযোগ পেয়েছিল অ্যাটলেটিকো। আতোয়ান গ্রিজম্যানের অ্যাক্রোবেটিক শট এবং জুলিয়ান আলভারেজের আক্রমণ দুর্দান্তভাবে রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। মার্কোস ইয়োরেন্তের শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে গেলে জয় নিশ্চিত হয় লস ব্লাঙ্কোসদের।
২০২৫ সালের শেষে খারাপ ফর্মের কারণে বরখাস্তের শঙ্কায় থাকা জাবি আলোনসো এই জয়ের মাধ্যমে নিজের অবস্থান শক্ত করলেন। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতেও তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়াকে নিয়ে আক্রমণভাগ সাজিয়ে সফল হয়েছেন তিনি।