প্রথমবারের মতো উইম্বলডন জিতলেন সিয়ানতেক

এর আগে ২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২২ সালে ইউএস ওপেন জয় করেন সিয়ানতেক। অস্ট্রেলিয়ান ওপেনে সেরা সাফল্য দুবার সেমিফাইনাল। এবার জিতলেন উইম্বলডন।

প্রথমবারের মতো উইম্বলডন টেনিসের শিরোপা জিতলেন ইগা সিয়ানতেক। আজ শনিবার অল-ইংল্যান্ড ক্লাবে নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ সুপারস্টার। আনিসিমোভা প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনালে বেশ স্নায়ুচাপে ভুগেছেন, যার পুরো সদ্ব্যবহার করেন আগেই পাঁচটি গ্র্যান্ডস্লাম শিরোপা জয় করা সিয়ানতেক। তিনি মাত্র ৫৭ মিনিটে ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ডস্লাম শিরোপা জিতে নন।

২৪ বছর বয়সী সিয়ানতেক এই প্রথম উইম্বলডন ফাইনাল খেলেন। যদিও শুরু থেকেই তিনি আত্মবিশ্বাসী মেজাজে খেলতে থাকেন, যা ধরে রাখেন শেষ পয়েন্ট পর্যন্ত। ১৯১১ সালের পর থেকে এখন পর্যন্ত সিয়ানতেক ছাড়া আর কোনো নারী ‘ডাবল ব্যাগেল’ নিয়ে উইম্বলডন শিরোপা জিততে পারেননি।

আগের পাঁচটি শিরোপা এসেছে ক্লে কিংবা হার্ড কোর্টে। অবশেষে গ্রাস কোর্টেও সফলতা পেলেন। জয় শেষে সিয়ানতেক বলেন, ‘এটা পরাবাস্তব মনে হচ্ছে। সত্য বলতে কী, আমি উইম্বলডন জয়ের কথা ভাবিনি, এটাকে অনেক দূরের মনে হতো। অন্য স্ল্যামগুলো জিততে পারলেও এটির প্রত্যাশা আমি করিনি।’

এর আগে ২০২০, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২২ সালে ইউএস ওপেন জয় করেন সিয়ানতেক। অস্ট্রেলিয়ান ওপেনে সেরা সাফল্য দুবার সেমিফাইনাল। এবার জিতলেন উইম্বলডন।

বয়সে সিয়ানতেকের চেয়ে মাত্র তিন মাসের ছোট আনিসিমোভা শুরু থেকেই নার্ভাস ছিলেন, আর ভুলের পর ভুল করতে থাকেন। সব মিলে ২৮টি আনফোর্সড ভুল করেছেন, সঙ্গে ছিল পাঁচটি ডাবল ফল্ট। হার শেষে তিনি বলেন, ‘এই ১৫টি দিন ছিল আমার কাছে অবিশ্বাস্য, স্বপ্নের মতো। যদিও আমার শক্তি ফুরিয়ে এসেছে। তবে আমি এর চেয়ে ভালো পারফর্ম করতে চেয়েছিলাম।’

আরও