বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল আবারো ইনজুরিতে পড়েছেন। গ্রোইন ইনজুরির কারণে স্পেনের বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের আসন্ন ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই তরুণ সুপারস্টার। বার্সেলোনা শুক্রবার এক বিবৃতিতে জানায়, পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়ামালের গ্রোইন ইনজুরি আবারও ফিরে এসেছে। খবর বিবিসি।
১৮ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারকে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ২৬ অক্টোবর রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
মাত্রই তিন সপ্তাহের ইনজুরি বিরতি কাটিয়ে ফিরেছিলেন ইয়ামাল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয়েও অবদান রাখেন। এরপর পিএসজির বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেললেও ম্যাচ শেষে আবারো চোট ধরা পড়ে।
বার্সা কোচ হান্সি ফ্লিক আগেই জাতীয় দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় ইয়ামালের ইনজুরি আরো বেড়ে যায় বলে তার অভিযোগ। তবে স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে শুক্রবার বলেন, ‘ফ্লিকের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। আমরা গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি, সেটাই আসল বিষয়।‘
আগামী সপ্তাহে জর্জিয়া (১১ অক্টোবর) ও বুলগেরিয়ার (১৪ অক্টোবর) বিপক্ষে ম্যাচ দু’টিতে স্পেন নিকো উইলিয়ামস ও দানি কারভাহালকেও পাচ্ছে না। অন্যদিকে ধীর শুরুর কারণে আলভারো মোরাতাকেও দলে রাখা হয়নি।
স্পেন এরইমধ্যে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ–ই এর শীর্ষে আছে।