ইয়ামাল–রাফিনিয়ার দাপটে লা লিগায় বার্সার ঝড়ো সূচনা

ম্যাচের মাত্র ৭ মিনিটেই বার্সা ভক্তরা আবারও দেখল ইয়ামাল–রাফিনিয়ার বোঝাপড়া। ইয়ামালের বাঁকানো ক্রস ধরে ফারপোস্ট থেকে হেডে গোল করলেন রাফিনিয়া। গত মৌসুম যেখানে শেষ হয়েছিল, এবারের মৌসুম যেন সে বিন্দু থেকেই শুরু করলেন বার্সার নাম্বার ১০ ও ১১।

লা লিগার শিরোপা ধরে রাখার মিশন দুর্দান্তভাবেই শুরু করেছে বার্সেলোনা। শনিবার রাতের ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিল কাতালানরা। ম্যাচের শুরুতেই গোল, এরপর দুইটি লাল কার্ডের কারণে সংখ্যাগত সুবিধা—সব মিলিয়ে সহজ এক জয় পেল হান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের মাত্র ৭ মিনিটেই বার্সা ভক্তরা আবারও দেখল ইয়ামাল–রাফিনিয়ার বোঝাপড়া। ইয়ামালের বাঁকানো ক্রস ধরে ফারপোস্ট থেকে হেডে গোল করলেন রাফিনিয়া। গত মৌসুম যেখানে শেষ হয়েছিল, এবারের মৌসুম যেন সে বিন্দু থেকেই শুরু করলেন বার্সার নাম্বার ১০ ও ১১।

২৩ মিনিটে আসে দ্বিতীয় গোল। ফেরান তোরেসের দূরপাল্লার শট জালে জড়ালে মায়োর্কা খেলোয়াড়েরা রেফারির কাছে আপত্তি তোলে। কারণ, গোলের আগে বল মাথায় লেগে মাটিতে পড়ে ছিল তাদের এক সতীর্থ। কিন্তু রেফারি খেলা চালিয়ে যেতে দেন, আর সেই সুযোগে গোল পায় বার্সা।

এরপর ম্যাচের মোড় ঘুরে যায় দু’দুটি লাল কার্ডে। ৩৩ মিনিটে ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন মায়োর্কার মানু মোরলানেস। এরপর ৩৯ মিনিটে ভেদাত মুরিকি লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ভুলে বার্সা গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মাথায় লাথি মারলে ভিএআরের পর হলুদ বদলে দেখেন লাল কার্ড।

শেষ দিকে যোগ করা সময়ে ইয়ামাল নিজেও নাম লেখান স্কোরশিটে। দুর্দান্ত শটে বল পাঠান জালের টপ কর্নারে, আর বার্সা নিশ্চিত করে ৩-০ ব্যবধানের জয়।

বার্সা এ ম্যাচে নেমেছিল লেভানদোভস্কি ছাড়া। চোটের কারণে ছিলেন না তিনি। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে অভিষেক হয় নতুন সাইনিং মার্কাস র‍্যাশফোর্ডের। গোলরক্ষক হিসেবে অভিষেক ম্যাচে গার্সিয়াকে তেমন পরীক্ষা দিতে হয়নি।

লা লিগার অন্য ম্যাচগুলোতে শুক্রবার রায়ো ভালেকানো ৩-১ গোলে জিতেছে জিরোনার মাঠে, ভিয়ারিয়াল ২-০ গোলে হারিয়েছে ওভিয়েদোকে। এছাড়া, ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিয়েদাদের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লেভান্তেকে ২-১ গোলে হারিয়েছে আলাভেস।

রোববার আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে এস্পানিওলের, আর মঙ্গলবার রিয়াল মাদ্রিদ খেলবে ওসাসুনার বিপক্ষে।

আরও