লাল দুর্গ বলার যথেষ্ট কারণ আছে অ্যানফিল্ডকে। আর্সেনালের জন্য তা আরো বেশি। ২০১২ সাল থেকে অ্যানফিল্ডে তাদের জয়হীন থাকার রেকর্ডটি আরো দীর্ঘ হলো। আর্সেনালের স্বপ্নভঙ্গ ঘটালেন লিভারপুলের হাঙ্গেরিয়ান তারকা মিডফিল্ডার ডমিনিক সবোস্লাই। ৮৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া তার ফ্রি-কিক ছুটে গিয়ে জড়াল টপ কর্নারে। গোলকিপারের কাছে কোনো সুযোগই ছিল না। আর সেই এক গোলেই লিভারপুল পেল ১-০ জয়ের স্বাদ।
প্রিমিয়ার লিগে পুরো ম্যাচে দুই দলই আক্রমণ আর রক্ষণ চালাল সমান তালে। কিন্তু গোলের সামনে সঠিক ছোঁয়া খুঁজে পাচ্ছিল না কাউকেই। তখনই এগিয়ে এলেন সবোস্লাই। সাধারণত মিডফিল্ড থেকে খেলা সাজান তিনি, তবে এবার জরুরি অবস্থায় খেলতে হল রাইট–ব্যাকের ভূমিকায়। আর সেখান থেকেই দিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো এক নিখুঁত ফ্রি–কিক, যা ম্যাচের গতিপথই বদলে দিল।
ইনজুরির কারণে দলে ছিলেন না বুকায়ো সাকা। ম্যাচের শুরুতেই ইনজুরিতে মাঠের বাইরে চলে যান স্যালিবা। শুরুর একাদশে ছিলেন না মার্টিন ওডেগার্ড। কিন্তু ট্রান্সফার মার্কেটে ভালোই খরচ করা মিকেল আর্টেটার দলের মাঝমাঠ ও আক্রমণভাগে ভয়ংকর কিছুর উপস্থিতিই দেখা যায়নি। ম্যাচের বড় একটা সময় জুড়েই মনে হয়েছে, পূর্ণ পয়েন্টের জন্য কেবল আর্নে স্লটের দলই খেলছে। আর পয়েন্ট ভাগাভাগিতেই হয়তো তুষ্ট থাকবেন আর্টেটা।
এই জয়ের ফলে মৌসুমের প্রথম তিন ম্যাচে তিন জয় নিয়ে লিগ টেবিলে দারুণ শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে, আর্সেনালের জন্য এটি হলো মৌসুমের প্রথম হার এবং প্রথম গোল হজম।