পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের জন্য জরুরিভিত্তিতে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেস বোলার নাহিদ রানাকে উড়িয়ে নেয় পেশোয়ার জালমি। এই আস্থার প্রতিদান দারুণভাবে দিলেন তিনি। রোববার রাতের ফাইনালে তিনি ২২ রানে ২ উইকেট নিয়ে পেশোয়ার জালমির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হায়দরাবাদ কিংসমেনকে ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল।
লাহোর ফাইনালে আগে ব্যাট করতে নামা হায়দরাবাদকে ১২৯ রানে অলআউট করে দেয় পেশোয়ার। অস্ট্রেলিয়ান পেসার অ্যারন হার্ডি ২৭ রানে উইকেট নেন। অজি ডেঞ্জারম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে পেশোয়ারকে উল্লাসে ভাসান নাহিদ রানা। এছাড়া হুনাইন শাহকে ব্যক্তিগত ৯ রানে আউট করেন তিনি। হায়দরাবাদের হয়ে ৫০ বলে ৫৪ রান করেন সাইম আইয়ুব, ১২ বলে ২০ রান করেন মারনাস লাবুশেন।
১৩০ রান তাড়া করতে নেমে ৪০ রানের মধ্যে মোহাম্মাদ হারিস, বাবর আজম, কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েলকে হারিয়ে বিপদে পড়ে যায় পেশোয়ার। তখন আকস্মিকই হায়দরাবাদের আশা জেগে ওঠে। যদিও এরপর হার্ড ও আবুল সামাদ দুর্দান্ত ব্যাটিংয়ে ৬০ বলে ৮৫ রানের জুটিতে পেশোয়ারকে জয় এনে দেন। ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন হার্ডি। অল রাউন্ড নৈপুন্য দেখিয়ে অস্ট্রেলিয়ান তারকাই হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।