আপাতত সব ধরনের ক্রিকেট থেকে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৫২ দিনের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে তার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না।
আজ বুধবার সাকিবকে বিশ্রামের বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি জানান, শারীরিক-মানসিক অবস্থার ভালো না থাকায় সাকিব ক্রিকেট খেলার মতো অবস্থায় নেই। তাই আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে বিশ্রাম নিতে বলেছে বোর্ড।
সাকিব আল হাসান এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন। তার সঙ্গে ফোনালাপের পর বিশ্রামের বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান জালাল ইউনুস।
তিনি আরো জানান, সাকিবকে তারা ভাবার জন্য দুদিন সময় দেয়া হয়েছিল। আজ সময় শেষ হওয়ায় তারা ফোনালাপ করেন। সাকিবের কাছে তার পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হয়। সাবিক জানিয়েছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে আনফিট। তাই তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছেন না।
বিষয়টি নিয়ে বোর্ড সভাপতির নাজমুল হাসান পাপন ও নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীসহ কয়েকজন বোর্ড পরিচালক আলাপ করেন। সেখানেই সাকিবের স্বার্থের কথা চিন্তা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় বলেও জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান।
গত রোববার দুবাইর উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাকিব নিজেও মানসিক ও শারীরিকভাবে আনফিট বলে জানান।