প্রথম ওয়ানডেতে
ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।
গতকাল রোববার দিবাগত রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের
সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ম্যাচের দৈর্ঘ্যও ৯ ওভার কমিয়ে ৪১ ওভার করা হয়। কিন্তু ব্যাটিংয়ে নেমে মিরাজ-শরিফুলদের দারুণ বোলিং নৈপুণ্যের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটাররা। ৪১ ওভারে ৯ উইকেট হারিয়ে কেবল ১৪৯ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় (১৫১/৪)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের টানা নবম ওয়ানডে ম্যাচ জয়।
৮ ওভার বল করে ৩৪ রান দিয়ে চার ক্যারিবিয়ান ব্যাটারের উইকেট তুলে নেন পেসার শরিফুল ইসলাম। ৯ ওভার বোলিং করে দুই মেডেনসহ ৩৬ রানের বিনিময়ে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। ম্যাচ সেরাও হয়েছেন মিরাজ।
কারণ ওপেনার কাইল মেয়ার্স, নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের গুরুত্বপূর্ণ তিনটি উইকেটই তুলেছেন তিনি। সঙ্গে আকিল হোসেনকে করেছেন রান আউট।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সামার ব্রুকস সর্বোচ্চ ৩৩ রান করেন। এছাড়া পুরান ১৮, অ্যান্ডারসন ফিলিপ ২১ ও সিলস ১৬ রান করেন।
১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানের মাথায় আকিল হোসেন ফেরান লিটন দাসকে (১)। এরপর অবশ্য বেগ পেতে হয়নি। ৪৯ রানের মাথায় তামিম রান আউট হন (৩৩)। পরে নাজমুল হোসেন শান্ত (৩৭) ও আফিফ হোসেন (৯) রানে ফিরলেও বাকি কাজ সেরে নেন মাহমুদউল্লাহ ও সোহান। মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ ও নুরুল হাসান সোহান ২০ রানে অপরাজিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন আকিল, পুরান ও গুদাকেশ মোটি।
আগামী বুধবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।