বিশ্বকাপের টিকিট সরাসরি পেতে হলে বাছাইপর্বের শেষ ম্যাচে গ্রুপ ‘আই’ এর লড়াইয়ে নরওয়েকে অন্তত ৯ গোলের ব্যবধানে হারাতে হতো ইতালির। ম্যাচের শুরুতে এগিয়েও যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সে পর্যন্তই চলেছে আজ্জুরিদের ফ্যান্টাসি। উল্টো তারকা স্ট্রাইকার আরলিং হাল্যান্ডের জোড়া গোলে ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তাদের বিশ্বকাপ স্বপ্নকে ফিকে বানিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে। আর সেটাও ইতালিরই মাটিতে।
১৯৯৮ সালের পর এই প্রথম ফুটবলের বিশ্ব মঞ্চে ফিরছে নর্ডিক দেশটি। অন্যদিকে, এই হতাশাজনক হারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো প্লে-অফের কঠিন পথে নামতে বাধ্য হলো।
রোমে ম্যাচের শুরুতে ইতালি আশা জাগালেও শেষ পর্যন্ত ভরাডুবি এড়াতে পারেনি। ১১তম মিনিটে ফ্রানচেসকো পিও এসপোজিতোর গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৬৩তম মিনিটে নুসার সমতা ফেরানোর পর ম্যাচের গতি পুরোপুরি নরওয়ের হাতে চলে যায়।
৭৮তম মিনিটে ফাঁকায় বল পেয়ে নিখুঁত ভলিতে গোল করেন হালান্ড, পরের মিনিটেই করেন আরেকটি। এবারের বাছাইপর্বে ম্যানচেস্টার সিটি তারকার গোলসংখ্যা দাঁড়ালো ১৬, যা এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছে। যোগ করা সময়ে ইয়ুরগেন স্ট্র্যান্ড লার্সেনের গোল নরওয়ের বড় জয় নিশ্চিত করে।
আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে নরওয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইতালিকে এখন প্লে-অফে লড়তে হবে। এই হার ইতালির জন্য সর্বনাশা। গ্রুপে ছয় পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে আবারও প্লে-অফে নামতে হচ্ছে আজ্জুরিদের—টানা তৃতীয়বার। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপ মিস করা ইতালির সামনে এবারও ঝুলে রইল বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন।