অস্ট্রেলিয়ার মাঠে মোস্তারির ইতিহাস গড়া সেঞ্চুরি

২২১ রান তাড়া করতে নেমে ভল তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, মাত্র ৯৭ বলে ১৯ বাউন্ডারির সাহায্যে খেলেন ১৩১ রানের টর্নেডো ইনিংস। আরেক ওপেনার লিচফিল্ড ৫১ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৭০ রান।

জীবনের সেরা ইনিংস খেললেন সোবহানা মোস্তারি। ব্রিসবেনে গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এটা নারী ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস এবং ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম সেঞ্চুরি। এ পথে অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে গড়েছেন ১৯৫ রানের জুটি, যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো দলের সর্বোচ্চ রানের জুটি।

যদিও মোস্তারির বীরত্বপূর্ণ এ সেঞ্চুরি বিফলে যায় বাংলাদেশের বড় হারে। মোস্তারির উৎসব মাটি করে দেন জর্জিয়া ভল ও ফোবে লিচফিল্ড। ২২১ রান তাড়া করতে নেমে ভল তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি, মাত্র ৯৭ বলে ১৯ বাউন্ডারির সাহায্যে খেলেন ১৩১ রানের টর্নেডো ইনিংস। আরেক ওপেনার লিচফিল্ড ৫১ বলে ১১ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ৭০ রান। দুজন ১৯.৫ ওভারে ১৬২ রান তুলে দিলে অজিদের বড় জয় নিশ্চিত হয়ে যায়। এলিস পেরি ২২ বলে ১৯ রান করেন।

ভল ও লিচফিল্ডের অনবদ্য ব্যাটিংয়ে ১৩১ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা ২-০তে জিতে নিল স্বাগতিকরা। গত বুধবার তৃতীয় ও শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার।

গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ১৩ বল খেলে শূন্য রানে ফেরেন ফারজানা হক পিংকি। দলীয় ৮ রানের মধ্যে সাজঘরে ফেরেন শারমিন সুলতানা ও শারমিন আক্তার। ৮ রানে নেই ৩ উইকেট! সেখান থেকে মোস্তারি ও নিগারের অসামান্য লড়াই শুরু। মোস্তারি ৬৬ বলে ফিফটি ও ১২৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে মেগান শুটের বলে বোল্ড হন তিনি। ১১৪ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রান করেন নিগার। দুজনের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এ রান দিয়ে অবশ্য আটকানো যায়নি শক্তিশালী অস্ট্রেলিয়াকে। তাদের নির্দয় ব্যাটিংয়ের সামনে অসহায় ছিলেন মারুফা আক্তার, হাবিবা ইসলাম, নাহিদা আক্তাররা।

আরও