সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬২ রানের টার্গেট দেয় সফরকারী শ্রীলংকা। আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে সিংহলিজ নারীরা। এ টার্গেট তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৩৬ রান তুলতে সমর্থ হয় নিগার সুলতানার দল। ২৫ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সিংহলিজরা।
স্পিনার নাহিদা আক্তারের এটা ছিল শততম ম্যাচ। মাইলফলকের ম্যাচে তিনি ৪ ওভারে ২৬ রান খরচ করে ১ উইকেট শিকার করেন। যদিও গৌরবের ম্যাচে জেতেনি তার দল।
হরষিতা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ ও ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ রান করে শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দেন। এছাড়া, ৩০ বলে ৩২ রান করেন চামারি আতাপাত্তু। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২৯ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন। নাহিদা ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার।
দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ভালো সূচনা করে ওপেনিং জুটিতে ৩৯ রান তুলে দেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক দল (৪৪/৪)। বাকিদের নিয়ে শেষ পর্যন্ত লড়ে যান তরুণ স্বর্ণা আক্তার। ৪৫ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় তিনি করেন ৬০ রান। ঝলমলে ইনিংস খেলেও তিনি জেতাতে পারেননি দলকে। বিফলেই যায় তার দুর্দান্ত ফিফটি। শ্রীলংকার মালকি মাদারা, মিতালি অযোধ্যা ও চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নেন।
এর আগে রাজশাহীতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-২-এ হেরে যায় নিগার সুলতানার দল।