টানা দুইবার শিরোপা জয়ের পর গত মৌসুমের ফাইনালে হেরে যান ম্যাডিসন কিজের কাছে। চলতি আসরেও ফাইনালে নাম লেখালেন আরিনা সাবালেঙ্কা। এ নিয়ে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাম লেখালেন এ বেলারুশিয়ান তারকা। শনিবারের ফাইনালে তিনি মুখোমুখি হবেন কাজাখস্তানের এলেনা বিরাকিনার।
আজ বৃহস্পতিবার সেমিফাইনালে ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন সাবালেঙ্কা। উন্মুক্ত যুগে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে ফাইনালে জায়গা করে নিলেন তিনি। তার আগে এ কীর্তি আছে ইভোনে গুলাগং ও মার্টিনা হিঙ্গিসের।
ছবি: এপি
চলতি আসরে কোনো সেট হারেননি সাবালেঙ্কা। এখানেও রেকর্ড গড়েছেন তিনি। চারটি ফাইনালে ওঠার পথে তিনটিতেই তিনি কোনো সেট হারেননি। কোনো সেট না হেরে সবচেয়ে বেশিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার রেকর্ড গুলাগং ও স্টেফি গ্রাফের (উভয়ই চারবার)। এছাড়া স্টেফি গ্রাফ ও মার্টিনা হিঙ্গিসের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা সাতটি হার্ড কোর্ট গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন তিনি।
জয় শেষে সাবালেঙ্কা বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না, এটা অবিশ্বাস্য অর্জন। তবে কাজটা এখনো শেষ হয়ে যায়নি। আমি অনেক খুশি, কারণ সে দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বী এবং এক সপ্তাহ ধরে দারুণ টেনিস খেলছিল। তার খেলাগুলো দেখে মনে হচ্ছিল, তাকে হারাতে হলে আমার খেলায় উন্নতি করতে হবে। আজ যে মানের টেনিস খেলেছি তাতে আমি আনন্দিত। সরাসরি সেটে জিততে পেরে আমি খুশি।’
এলেনা বিরাকিনা। ছবি: এপি
আজ মেয়েদের এককে দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলাকে ৬-৩, ৭-৬ (৯-৭) গেমে রিবাকিনা। ২০২৩ সালের ফাইনালে সাবালেঙ্কার কাছে হারের প্রতিশোধ শনিবার নেয়ার সুযোগ পাবেন সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন। দুজনই রয়েছেন আগুণ ফর্মে। কেউই ফাইনালে ওঠার পথে কোনো সেট হারেননি।