লিওনেল মেসির জাদুকরী প্রভাব এখন শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নেই, তা আছড়ে পড়েছে বৈশ্বিক শেয়ার বাজারেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের পছন্দের পানীয় নিয়ে মেসির এক ছোট্ট স্বীকারোক্তি কোকা-কোলা কোম্পানির বাজারমূল্য মুহূর্তেই বিলিয়ন বিলিয়ন ডলার বাড়িয়ে দিয়েছে। খবর মার্কা।
সম্প্রতি 'লুজু টিভি'কে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই মহাতারকা জানান, তিনি মাঝেমধ্যে রিল্যাক্স করতে রেড ওয়াইনের সঙ্গে 'স্প্রাইট' মিশিয়ে পান করেন। মেসির এই সাধারণ এক মন্তব্যের পরেই বিশ্ববাজারে স্প্রাইটের মালিকানাধীন প্রতিষ্ঠান কোকা-কোলা কোম্পানির শেয়ার দর এক লাফে ৪.৫ শতাংশ বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মেসির এই 'স্প্রাইট প্রেমের' কারণে মাত্র কয়েক দিনে কোকা-কোলার বাজারমূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় যা প্রায় দেড় লাখ কোটি টাকা) বৃদ্ধি পেয়েছে। মজার ব্যাপার হলো, মেসি দীর্ঘকাল ধরে কোকা-কোলার প্রধান প্রতিদ্বন্দ্বী পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তা সত্ত্বেও স্প্রাইটের প্রতি তার এই ব্যক্তিগত ভালো লাগা কোম্পানিটিকে অপ্রত্যাশিত লাভ এনে দিয়েছে।
সাক্ষাৎকারে হাস্যরসের ছলে মেসি বলেন, ‘আমি ওয়াইন পছন্দ করি, তবে সচরাচর ওয়াইনের সঙ্গে স্প্রাইট মিশিয়ে খাই। এতে নেশাটা একটু দ্রুত কাজ করে!’ মেসির মতো শৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত অ্যাথলেটের কাছ থেকে এমন অকপট স্বীকারোক্তি ভক্তদের মাঝে ব্যাপক কৌতুহল ও উন্মাদনা তৈরি করেছে।
মেসির এই অভ্যাসের কথা প্রকাশ্যে আসার পর ভক্তরা খুঁজে বের করেছেন যে, তিনি ব্রাজিলের 'কুইন্টা ডি মর্গাদো' নামের একটি সাশ্রয়ী মূল্যের রেড ওয়াইন (যার দাম মাত্র ৩০ ডলারের আশপাশে) বেশি পছন্দ করেন। কোটি কোটি ডলারের মালিক হওয়া সত্ত্বেও এত সস্তা ওয়াইন বেছে নেয়ায় মেসির সাধারণ জীবনযাপন নিয়েও চলছে প্রশংসার জোয়ার!
তবে সাধারণ ওয়াইনের পাশাপাশি মেসির নিজস্ব 'লিওনেল কালেকশন' নামে একটি প্রিমিয়াম ওয়াইন ব্র্যান্ডও রয়েছে, যার একেকটি বোতলের দাম ৬০ ইউরোর বেশি। ২০২৩ সালে এই ব্র্যান্ডের ‘গোট টেন’ (GOAT 10) কালেকশনটি বাজারে আসার পরপরই শেষ হয়ে গিয়েছিল।