এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। ইরাকের সোলাইমানিয়াহতে আজ ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।
অবশ্য প্রথম সেটে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে পরের তিন সেটেই ঘুরে দাঁড়ায় টিম বাংলাদেশ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সেটে যথাক্রমে ৫৫-৫৪, ৫৫-৫২ ও ৫২-৫১ ব্যবধানে জিতে স্বর্ণ নিশ্চিত করেন তারা।
এর আগে সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পান বাংলাদেশের আর্চাররা। এরপর সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে।
এ স্বর্ণ জয়ের মধ্য দিয়ে চলতি আসরে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল ছয়। এখন পর্যন্ত দুটি করে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।
এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতেছিলেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।
এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি পেয়েছেন ব্রোঞ্জ।