রাজশাহীতে আজ সোমবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১২৭ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছেন শারমিন আক্তার সুপ্তা।
আগে ব্যাট করে ৯ উইকেটে ২০৫ রান তোলে শ্রীলংকা। হানসিমা করুনারত্নে ৭১ বলে ৫৪, ইমেশা দুলানি ৭৭ বলে ৫২ ও কাবিশা দিলহারি ৩৮ বলে ৩০ রান করেন। রিতু মনি ৩৮ রানে ৩টি ও নাহিদা আক্তার ৩৮ রানে ২টি উইকেট নেন।
টার্গেট তাড়া করতে নেমে ৫ রানের মধ্যে শারমিন সুলতানা ও জুয়াইরিয়া ফেরদৌসকে হারায় বাংলাদেশ। দলীয় ৩৪ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক নিগার সুলতানাও। এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন সুপ্তা। মোস্তারি ৫৬ বলে ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে ১০২ বলে ৭৮ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন সুপ্তা। দলীয় ১৯৯ রানে ইনোকা রানাবিরার শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
সুপ্তার বিদায়ের পর টানা দুই বলে রিতু মনি ও রাবেয়া খানকে হারায় বাংলাদেশ। চোটগ্রস্ত মোস্তারিসহ মোট ৮ উইকেট হারানোর পর নাহিদা ও সুলতানা খাতুন বাকি ৬ রান তুলে বাংলাদেশকে স্বস্তির জয় এনে দেন। শ্রীলংকার দেবমী বিহানা ৪৩ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ১৩ বাউন্ডারিতে ৮৬ রান তোলা শারমিন সুপ্তা।
একই মাঠে বুধবার দ্বিতীয় ও শনিবার তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।