লিওনেল মেসির ইন্টার মায়ামি দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এলেও আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল। ফ্লোরিডায় অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘এ’র উদ্বোধনী ম্যাচে পূর্ণ পয়েন্ট ছাড়াই মাঠ ছেড়েছে মেসির দল।
ইন্টার মায়ামির অন্যান্য খেলোয়াড়দের মতোই আর্জেন্টাইন মহাতারকা মেসি প্রথমার্ধে ছিলেন বেশ নিশ্চুপ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মিশরের জায়ান্ট আল আহলির হাতে। একাধিক সুযোগ তৈরি করলেও গোলরক্ষক অস্কার উস্তারির কয়েকটি দুর্দান্ত সেভ লিড নিতে দেয়নি আল আহলিকে। ৪৩তম মিনিটে আল আহলি পেনাল্টি পায়। ত্রেজেগের শট দারুণভাবে ঠেকিয়ে দেন উস্তারি।
দ্বিতীয়ার্ধে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি অনেকটাই গা-ঝাড়া দিয়ে ওঠে। বল দখল ও খেলার গতি স্পষ্টভাবে পাল্টে যায়। ঘরের মাঠের দল দ্বিতীয়ার্ধে হাজির হয় একদম ভিন্ন চেহারায়। মেসির একটি দূরপাল্লার শট কাঁপিয়ে দেয় আল আহলির বার। মেসির বাঁকানো শটটিতে আঙুল ছুঁইয়ে বল ক্রসবারে ঠেলে দেন আল আহলির গোলরক্ষক মোহাম্মদ আল শেনাওয়ি।
মেসি একটি ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকান আল শেনাওয়ি। বাকি সময়টায় আল আহলির জন্য এক অবিরাম হুমকি হয়ে ছিলেন মেসি। ১৫৫টি ট্রফি জেতা আল আহলি বিশ্বের অন্যতম সফল ক্লাব হলেও তারা পুরো ম্যাচে মেসিকে সামলাতে পারেনি।
ম্যাচের শেষ দিকে কর্নার থেকে মেসির নেয়া শট পোস্টের দিকে বাঁক খেলে আল শেনাওয়ির আঙুলে লেগে বল ক্রসবারে লেগে বাইরে চলে যায়। পরের কর্নারে অতিরিক্ত সময়ের শেষ দিকে ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের হেডও ঠেকান আল শেনাওয়ি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের পালমেইরাস এবং পর্তুগালের পোর্তো। পরবর্তী রাউন্ডে ইন্টার মায়ামি খেলবে পোর্তোর বিপক্ষে এবং আল আহলি মুখোমুখি হবে পালমেইরাসের।