মুশফিকুর রহিমের শততম টেস্টে আরো এক মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের পঞ্চম দিনের সকালে অ্যান্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ২৫০ উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন তিনি।
দিনের শুরুতে কার্টিস ক্যাম্পারের সঙ্গে উইকেটে জমে গিয়েছিলেন ম্যাকব্রাইন। তাইজুলের বলে কিছুটা এগিয়ে খেলতে গিয়ে পায়ের পাতায় লাগান ম্যাকব্রাইন। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি। এতে ভেঙে যায় ১০৫ বল স্থায়ী জুটি।
চলতি টেস্ট একাধিক কারণে মনে রাখবেন তাইজুল। আগের দিন সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হন তিনি। এবার স্পর্শ করেন ২৫০ উইকেটের মাইলফলক। ২৫০ উইকেট পেতে ৫৭ টেস্ট লাগল তাইজুলের। প্রতিটি উইকেটের জন্য তিনি খরচ করেছেন গড়ে ৩০.৯২ রান।
৫০৯ রানের টার্গেটে টেস্টের শেষদিনে প্রতিবেদনটি লেখার সময় আয়ারল্যান্ডের রান ৭ উইকেট হারিয়ে ২২৪।