টানা দুই হারে অনূর্ধ্ব-২০ দলের কোচকে বরখাস্ত করেছে বাফুফে

উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে ৩১ আগস্ট উজবেস্তিানের কাছে ২-০ ও বৃহস্পতিবার সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। দুই হারে বাংলাদেশ ছিটকে পড়ায় কোচ জেরার্ড জোন্সকে ছাঁটাই করল ফেডারেশন।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে বাফুফে।

বাফুফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জোন্সের সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করেছে বাফুফে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’

উজবেকিস্তানের তাসখন্দে চলমান এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের হারের পর বাফুফে এ সিদ্ধান্ত নিয়েছে। ৩১ আগস্ট উজবেস্তিানের কাছে ২-০ ও বৃহস্পতিবার সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ। দুই হারে বাংলাদেশ ছিটকে পড়ায় কোচ জেরার্ড জোন্সকে ছাঁটাই করল ফেডারেশন।

উজবেকিস্তান রওনা হওয়ার আগে বেশ কয়েকদিন তুমুল আলোচনায় ছিলেন জোন্স। বেতন বকেয়া দাবি করে ফেসবুকে নিজের বক্তব্য প্রচার করেন, এরপর সহকারী কোচ আতিকুরের সঙ্গে ঢাকায় হোটেলে হাতাহাতি জড়ান। উজবেকিস্তানে তিনি নিতে চাননি আতিকুরকে। পরে বাফুফের মধ্যস্থতায় দুজন উজবেকিস্তান গেলেও আতিকুর ডাগআউটে থাকতে পারেননি প্রথম দুই ম্যাচে। এরপর দল দুই ম্যাচেই হেরে গেলে বাফুফে কঠোর সিদ্ধান্ত নিল।

দুই হারে আগামী বছর চীনে হতে যাওয়া এশিয়ান অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে খেলা হবে না বাংলাদেশের। ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচটা জিতলেও তাই লাভ হবে না। এটা তাদের জন্য কেবলই মর্যাদার লড়াই।

আরও