রিয়াল মাদ্রিদ ২-১ আলাভেস

রদ্রিগোর গোলে বাঁচল আলোনসোর চাকরি

গোলের পর উচ্ছ্বসিত ভিনিসিয়াস জুনিয়র দৌড়ে গিয়ে কোচ জাবি আলোনসোকে জড়িয়ে ধরেন। ড্রেসিংরুম নাকি কোচের হাতছাড়া, এমন গুঞ্জনের মাঝেই এই আলিঙ্গন যেন অনেক কিছুই বলে দিল।

একটি গোল, একগাদা স্বস্তি—আর জাবি আলোনসোর চাকরি আপাতত নিরাপদ। আলাভেসের মাঠে রোববার লা লিগায় ২–১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যেখানে জয়সূচক গোল করে নায়ক ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।

তবে কিলিয়ান এমবাপেকেও কৃতিত্ব দিতে হবে। আরো একবার স্কোরশিটে তার নাম উঠল আর একবার জয়ের মুখ দেখল লস ব্লাঙ্কোসরা। মোদ্দা কথা, টানা খারাপ পারফরম্যান্সের কারণে রিয়াল কোচ জাবি আলোনসোর চেয়ার যখন নড়বড়ে, ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন এমবাপে-রদ্রিগো।

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এমনিতেই দলের ভেতরের পরিবেশ ছিল থমথমে। এমন সময়ে চোট সারিয়ে মাঠে ফিরেই ঝলক দেখালেন এমবাপে। ম্যাচের ২৪তম মিনিটেই বাঁ দিক থেকে দারুণ দক্ষতায় এক ডিফেন্ডারকে কাটিয়ে পেনাল্টি বক্সের মধ্যে থেকে জোরালো শটে টপ কর্নারে বল জড়িয়ে দেন তিনি। এটি এই মৌসুমে রিয়ালের হয়ে তার ২৬তম গোল।

মাদ্রিদের রক্ষণভাগ কিছুটা নড়বড়ে ছিল। সেই সুযোগে ৬৮তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে সমতা ফেরান আলাভেসের কার্লোস ভিসেন্তে। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আরো এক ব্রাজিলিয়ান তারকা। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্তভাবে বল নিয়ে আলাভেসের ডিফেন্সে ঢুকে পড়ে বল বাড়ান রদ্রির দিকে এবং সেই অ্যাসিস্ট থেকেই আসে রিয়ালের জয়সূচক গোল।

এই গোলের পরই ঘটল আসল ঘটনা। গোলের পর উচ্ছ্বসিত ভিনিসিয়াস জুনিয়র দৌড়ে গিয়ে কোচ জাবি আলোনসোকে জড়িয়ে ধরেন। ড্রেসিংরুম নাকি কোচের হাতছাড়া, এমন গুঞ্জনের মাঝেই এই আলিঙ্গন যেন অনেক কিছুই বলে দিল।

এই জয়ে বার্সেলোনার থেকে চার পয়েন্টের ব্যবধানে ফিরেছে রিয়াল। আর আলোনসো? অন্তত গতকাল রাতের ঘুমটা তার ভালোই হবার কথা।

আরও