ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আজ শনিবার স্বাগতিক দলের আল আমিন জুমার-ঊর্মি আক্তার জুটি ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শেষচারে জায়গা করে নেন।
মিশ্র দ্বৈতের সেরা সাফল্য আনতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশের শাটলার জুটিকে। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন তারা। এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যান জুমার-ঊর্মি। তৃতীয় সেটে হয় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি।
জয় শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্য আছি ভীষণ খুশি। গতকাল (বৃহস্পতিবার) বিকালে দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছি। আজ সকালে মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠলাম। টানা ম্যাচ খেলার প্রেসার হয়তো শরীরে পড়ছে, তবে জয়ের খুশিতে সব ভুলে সামনের দিকে তাকিয়ে আছি। বিকালে আবার ঊর্মিকে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।‘
ম্যাচ শেষে ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। অনেকদিন ধরে খেলায় আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠলাম। সবাই দোয়া করবেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি।‘