তিনটি সহজ ক্যাচ মিস এবং ব্যাটিংয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত—এই দুই কারণেই পাকিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। এমন মন্তব্য করেছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত ১১ রানে হেরে যায় সুপার ফোরে।
পাকিস্তান ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এমন সময়ে নুরুল হাসান ও মেহেদী হাসান মিস করেন শাহীন শাহ আফ্রিদির ক্যাচ। শাহীনের ১৩ বলে ১৯ রানের ইনিংসে ছিল দুটি ছক্কা—যা গতি এনে দেয় পাকিস্তানের শম্বুকগতির ব্যাটিংয়ে।
এরপর পারভেজ ইমন শূন্য রানে মোহাম্মদ নওয়াজের ক্যাচ ফেলেন। নওয়াজ খেলেন ১৫ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস। লো স্কোরিং ম্যাচে এই দুটি ক্যামিওর গুরুত্ব ম্যাচ হেরে অনুধাবন করেছে বাংলাদেশ।
দুবাইয়ের ফ্লাডলাইটের কারণে ফিল্ডারদের বল দেখতে অসুবিধা হয় কিনা, এমন প্রশ্নে সিমন্স সেই অজুহাত মানতে নারাজ। তিনি বলেন, 'শাহীন ও নওয়াজের ক্যাচ ফেলার কারণেই ম্যাচের মোড় ঘুরে যায়। এর আগে পর্যন্ত আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। কিছু ক্যাচ হয়তো আলোর কারণে কঠিন হতে পারে, কিন্তু আমার মনে হয় না যে ক্যাচগুলো আমরা ফেলেছি, সেগুলোর সঙ্গে আলোর কোনো সম্পর্ক ছিল।'
কোচের মতে, ব্যাটিংয়ে ছক্কার দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও উইকেট হারাতে হয়েছে ভুল সিদ্ধান্তে। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচের তুলনায় পাকিস্তানের বিপক্ষে ব্যাটারদের সিদ্ধান্ত ছিল একেবারেই খারাপ। তিনি মনে করেন, ইনজুরিতে বাইরে থাকা অধিনায়ক লিটন দাসকে মিস করেছে দল।
‘আমাদের নির্দিষ্ট ওভারে নয়, কেবল জিতলেই চলত। কিন্তু ব্যাটাররা ভুল শট বেছে নিয়েছে। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে একই উইকেটে ১৬৯ রান তাড়া করেছি। কিন্তু আজ ব্যাটিংয়ে সিদ্ধান্ত ভালো হয়নি।‘
ঐতিহাসিকভাবেই বাংলাদেশ দ্রুত রান তোলার ক্ষেত্রে পিছিয়ে। তবে সিমন্স মনে করেন, আন্তর্জাতিক ম্যাচে বেশি খেললে ছক্কা মারার সক্ষমতার পাশাপাশি স্ট্রাইক রেটও উন্নত হবে। তার মতে, মূল সমস্যাটা হলো বড় জুটি গড়তে না পারা।
‘ছক্কা মারায় আমরা পিছিয়ে নেই। কিন্তু টিকে খেলে জুটি গড়তে পারিনি বলেই ম্যাচ হাতছাড়া হয়েছে,’ আক্ষেপ সিমন্সের কণ্ঠে।
মেহেদী হাসানকে চারে নামানো প্রসঙ্গে সিমন্স জানান, এটি পরিকল্পিত সিদ্ধান্ত। পাওয়ারপ্লেতে পেসারদের মোকাবেলা করার জন্য। যদিও তিনি মাত্র ১১ রান করেন।
পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও কোচ সিমন্স পুরোপুরি হতাশ নন। আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ দেখিয়েছে উন্নতির ছাপ। তিনি বলেন, ‘সাইফ হাসান আমাদের বড় প্রাপ্তি। পাশাপাশি বোলাররাও পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে।‘