ইলেট্রনিক ডিভাইসে বিশেষ করে গ্যাজেটগুলোয় দুই ধরনের ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। একটি এলসিডি ও অন্যটি ওএলইডি। স্মার্টফোনে আধিপত্য বিস্তার করতে পারলেও বড় স্ক্রিনে এখনো ওএলইডির আবির্ভাব সেভাবে হয়নি। তবে কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, কভিড-১৯ মহামারীর সময় ওএলইডি ট্যাবলেটের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশ্লেষক ও সংশ্লিষ্টদের প্রত্যাশা এ ধারা চলমান থাকবে এবং ২০২৪ সালে এর ব্যবহার আরো বাড়বে। খবর গিজমোচায়না।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এরই মধ্যে ট্যাব এস সিরিজে ওএলইডি ডিসপ্লে প্যানেল ব্যবহার করছে। গত বছর আসুস ভিভোবুক ১৩ স্লেট, হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১১ ও লেনোভো ট্যাব পি১১ প্রো জেন ২ ও ওএলইডি ডিসপ্লে প্যানেলসহ বাজারে এসেছে।
এলসিডি ও ওএলইডি ডিসপ্লে প্যানেলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। এলসিডি প্যানেলে ইলুমিনেশনের জন্য এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়। অন্যদিকে ওএলইডিতে পিক্সেল ইলুমিনেশন থাকে। যার কারণে ছবির রঙ ও ভিউয়িং অ্যাঙ্গেল অনেক ভালো হয়। ওএলইডি প্যানেল খুবই ব্যয়বহুল এবং এর উৎপাদনও কষ্টসাধ্য। তবে বর্তমানে উৎপাদন খরচ দিন দিন কমছে এবং নতুন প্রযুক্তিগত উদ্ভাবন যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ওএলইডি প্যানেলের উৎপাদনে সব প্রতিবন্ধকতা নিরসন করা যাবে বলে আশা সংশ্লিষ্টদের।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুযায়ী, ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ওএলইডি ডিসপ্লের ট্যাবলেট ডিভাইসের বাজার হিস্যা ছিল ৮ শতাংশ।প্রতি প্রান্তিকে এ হার বাড়তে থাকবে এবং ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ১৫ শতাংশ বাজার দখলে নেবে। ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ওএলইডি ট্যাবলেটের বাজারে ৬৮ শতাংশ দখলে রেখেছিল। অন্যদিকে লেনোভো, হুয়াওয়ে, মাইক্রোসফট ও আসুসের বাজার হিস্যা যথাক্রমে ১৯, ১০, ২ ও ১ শতাংশ।
কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ডিসপ্লে প্যানেল তৈরির ব্যয় বাড়ায় ২০২৩ সালে ওএলইডির বাজার অনেকটাই মন্থর থাকবে। অন্যদিকে এলজি ডিসপ্লে প্রতিষ্ঠানটির কারখানায় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টদের আশা এর মাধ্যমে হয়তো প্রতি ইউনিট ওএলইডি প্যানেলের দাম কমবে। গবেষণা সংস্থাটির ধারণা, ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ওএলইডি প্যানেলের বাজারে স্যামসাংয়ের বাজার হিস্যা ৪০ শতাংশ ছাড়াবে। অন্যদিকে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও ভবিষ্যতে ওএলইডি প্যানেলের আইপ্যাড বাজারজাতের কথা ভাবছে।