তরুণ প্রজন্মের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহা। আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনার মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে ব্র্যান্ডটি। তরুণ গ্রাহকদের সঙ্গে ব্র্যান্ডের সংযোগ আরও দৃঢ় করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বর্তমানে এফসি বার্সেলোনা ও ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলছেন রাফিনহা। আধুনিক ফুটবলে গতি, সৃজনশীলতা ও ম্যাচ জেতানোর দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত। আভাই ফুটবল ক্লাবের মাধ্যমে পেশাদার ফুটবলে ক্যারিয়ার শুরু করা এই তারকা মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ও তরুণদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়।
রিয়েলমি জানিয়েছে, তরুণদের ক্ষমতায়ন ও সীমানা ছাড়িয়ে যাওয়ার যে লক্ষ্য ব্র্যান্ডটির রয়েছে, তার সঙ্গে রাফিনহার জীবনদর্শন ও ক্যারিয়ারের দারুণ মিল রয়েছে। এই চুক্তির মাধ্যমে উচ্চাকাঙ্ক্ষী তরুণ ব্যবহারকারীদের আরও কাছে পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।
নতুন এ দায়িত্ব প্রসঙ্গে রাফিনহা বলেন, ‘ফুটবলের এমন এক মাহেন্দ্রক্ষণে রিয়েলমির সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত। ভক্তদের জন্য সামনে দারুণ কিছু আসতে যাচ্ছে, এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’
এ অংশীদারত্বের আওতায় রাফিনহা ‘মেক ইট রাফিনহা, মেক ইট রিয়েলমি’ শীর্ষক একটি ক্যাম্পেইনের নেতৃত্ব দেবেন। এটি মূলত ‘দ্য আর প্রফেসি’ ধারণা থেকে অনুপ্রাণিত। প্রতিভা ও কঠোর পরিশ্রম কীভাবে পেলে, রোমারিও বা রোনালদোর মতো কিংবদন্তিদের উত্তরসূরি হিসেবে নতুন প্রজন্মের সাফল্যের পথ তৈরি করে, তাই এই ক্যাম্পেইনে তুলে ধরা হবে।