ভয়েস নোট ট্রান্সক্রাইব করা যাবে হোয়াটসঅ্যাপে

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য একটি নতুন ফিচার পরীক্ষা করছে।

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জন্য একটি নতুন ফিচার পরীক্ষা করছে। ভয়েস নোট ট্রান্সক্রাইব নামের ফিচারটি অ্যাপে পাঠানো ভয়েস নোট স্বয়ংক্রিয়ভাবে প্রতিলিপি করবে। হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচার ও পরিবর্তনগুলো ট্র্যাকিং ও রিপোর্ট করার জন্য পরিচিত প্লাটফর্ম ডব্লিউএবেটাইনফোর প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ ফিচারের মাধ্যমে যখন কেউ একটি ভয়েস মেসেজ পাঠাবে, প্রাপকদের কাছে অডিও শোনার পরিবর্তে বার্তাটির একটি পাঠ্য সংস্করণ দেখার অপশন থাকবে। ফিচারটি বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা প্রোগ্রামে অংশগ্রহণকারী ব্যবহারকারীদের একটি সীমিত গোষ্ঠীর মধ্যে পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপ তাদের নতুন ফিচারগুলো সবার কাছে পৌঁছনোর আগে ফিটব্যাক নিতে ও বাগ শনাক্ত করতে সীমিতসংখ্যক ব্যবহারকারীর মাধ্যমে পরীক্ষা করে থাকে। ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, ভয়েস ট্রান্সক্রিপশনের নিচে একটি ব্যানার থাকবে, যেখানে প্রেরক তার নিজের পাঠানো বার্তাটির প্রতিলিপি পেতে পারেন।

মেসেজিং প্লাটফর্মে তাৎক্ষণিক অডিও রেকর্ডিং শোনার পরিস্থিতি নেই, এমন অবস্থায় ভয়েস ট্রান্সক্রাইব ফিচারটি সহায়ক হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। যেসব ব্যবহারকারী দীর্ঘ ভয়েস মেসেজ বিনিময় করেন, তারা এ ফিচারের মাধ্যমে বার্তাটি আরো ভালোভাবে বুঝতে পারবেন বলে দাবি হোয়াটসঅ্যাপের। ভয়েস বার্তা ট্রান্সক্রিপশন ফিচারটি পাঁচটি ভাষা সমর্থন করে—ইংরেজি, হিন্দি, পর্তুগিজ (ব্রাজিল), রাশিয়ান ও স্প্যানিশ।

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন কিছু ফিচার চালু করেছে। যেমন ব্যবহারকারীর পছন্দের নম্বরে ফোন কল ও চ্যাট করা আরো সহজ করতে নম্বরের তালিকা তৈরির ফিচার যুক্ত করা। এ ফিচার ব্যবহারকারীদের পছন্দের ফোন নম্বর যোগ ও বাদ দেয়ার সুযোগ রেখেছে। এছাড়া হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপ থেকে সুরক্ষা দিতে কনটেক্সট কার্ড ফিচার এনেছে প্লাটফর্মটি। ফিচারটি হোয়াটসঅ্যাপে অচেনা গ্রুপে কাউকে যুক্ত করা হলে গ্রুপটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হবে, যেমন গ্রুপটি কে তৈরি করেছে, কখন তৈরি করা হয়েছে, কে গ্রুপে যুক্ত করেছে ও গ্রুপটির বিবরণ। এর মাধ্যমে গ্রুপে যুক্ত হবেন কিনা, ব্যবহারকারী সে সিদ্ধান্ত নিতে পারবেন। 

আরও