২০২৫ সালে বিশ্বজুড়ে পিসি বিক্রি বেড়েছে ৯.২%

চিপ সংকটে চলতি বছর বাজার সংকোচনের আশঙ্কা

বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বিক্রি গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ১০ দশমিক ১ শতাংশ বেড়ে ৭ কোটি ৫০ লাখ ইউনিটে পৌঁছেছে।

বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বিক্রি গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ১০ দশমিক ১ শতাংশ বেড়ে ৭ কোটি ৫০ লাখ ইউনিটে পৌঁছেছে। সামগ্রিকভাবে ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট পিসি বিক্রি হয়েছে ২৭ কোটি ৯৫ লাখ ইউনিট, যা ২০২৪ সালের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি। বাজার গবেষণা সংস্থা ওমডিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, ব্যক্তিগত কম্পিউটারের বাজারে ডেস্কটপ, নোটবুক ও ওয়ার্কস্টেশনও অন্তর্ভুক্ত।

বৈশ্বিক কম্পিউটারের বাজার ২০২৫ সালে বেশ ইতিবাচক থাকলেও নতুন বছরে চিত্র কিছুটা পাল্টে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ওমডিয়ার প্রতিবেদনে। মেমোরি (র‍্যাম) এবং স্টোরেজ (এসএসডি) যন্ত্রাংশের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালে কম্পিউটারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

ওমডিয়ার প্রিন্সিপাল অ্যানালিস্ট বেন ইয়ে জানান, ২০২৫ সালের প্রথম থেকে চতুর্থ প্রান্তিকের মধ্যে মূলধারার পিসি মেমোরি এবং স্টোরেজের উৎপাদন খরচ প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। মেমোরি চিপের এ বাড়তি খরচের বোঝা এখন সরাসরি ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে শুরু করেছে কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, বিশ্ববাজারে ২০২৬ সালে পিসি সরবরাহের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমবে। সবচেয়ে নেতিবাচক পরিস্থিতিতে বিক্রির পরিমাণ ৯ শতাংশ পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। এমনকি পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকলেও বাজার ৫ শতাংশ সংকুচিত হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি বিশ্বে মেমোরি চিপের বর্তমান সংকটের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের আকাশচুম্বী চাহিদা। মূলত ২০২৫ সালের শেষভাগ থেকে এআই অবকাঠামো তৈরির হিড়িক চিপ বাজারের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।

প্রতিবেদন বলছে, চলতি বছর কম্পিউটারের চাহিদা থাকলেও বাজারে বড় সংকট হয়ে দাঁড়াবে যন্ত্রাংশের জোগান। নতুন বছরে ডিভাইসের চাহিদা কমবে না, তবে চাহিদার তুলনায় সরবরাহ হবে অনেক কম।

বাজার গবেষণা সংস্থা আইডিসি সতর্ক করেছে, সামনের দিনে পিসি বাজার দুটি বড় পরিবর্তনের কারণে ‘বিপর্যস্ত’ হতে পারে। একদিকে উইন্ডোজ ১০-এর সাপোর্ট শেষ হয়ে যাওয়া এবং অন্যদিকে এআই (এআই) পিসির ক্রমবর্ধমান চাহিদা বাজারকে চাঙ্গা করার কথা থাকলেও মেমোরি ও স্টোরেজ সংকট সব হিসাব ওলটপালট করে দেবে।

ওমডিয়ার বিশ্লেষক বেন ইয়ে জানান, ২০২৬ সালে একটি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান কতটা সফল হবে, তা নির্ভর করবে ‘প্রকিউরমেন্ট’ বা যন্ত্রাংশ সংগ্রহের সক্ষমতার ওপর। মেমোরি ও স্টোরেজ সরবরাহকারীদের সঙ্গে যেসব কোম্পানির সুসম্পর্ক, তারাই এ সংকটকালীন বাজারে এগিয়ে থাকবে।

বিশ্বজুড়ে ব্যক্তিগত কম্পিউটারের বাজারে নিজের শীর্ষস্থান আরো মজবুত করেছে লেনোভো। বাজার বিশ্লেষক সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক এবং বছরজুড়ে বিক্রি ও বাজার হিস্যার তালিকায় সবার ওপরে রয়েছে প্রতিষ্ঠানটি। এরপর তালিকায় আছে এইচপি, ডেল, অ্যাপল ও আসুস।

পুরো বছরের হিসেবে লেনোভো মোট ৭ কোটি ১০ লাখ ইউনিট কম্পিউটার সরবরাহ করেছে। এটি ২০২৪ সালের তুলনায় প্রায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি।

আরও