উত্তর আমেরিকায় এক বীমা কোম্পানির ১৪ লাখ গ্রাহকের অধিকাংশের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। অ্যালিয়াঞ্জ লাইফ নামের কোম্পানিটির মূল প্রতিষ্ঠান এক বিবৃতিতে সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
অ্যালিয়াঞ্জের তথ্যানুযায়ী, গত ১৬ জুলাই কোম্পানিটির ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ক্লাউডভিত্তিক সিআরএম সিস্টেমে (গ্রাহক তথ্য ব্যবস্থাপনা প্লাটফর্ম) প্রবেশ করে এক হ্যাকার।
জার্মানিভিত্তিক প্যারেন্ট কোম্পানি জানিয়েছে, হ্যাকাররা ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ নামের এক ধরনের প্রতারণামূলক কৌশল ব্যবহার করে অ্যালিয়াঞ্জ লাইফের অধিকাংশ গ্রাহক, আর্থিক পরামর্শক ও কিছু বিশেষ কর্মীর ব্যক্তিগত পরিচয়সংক্রান্ত তথ্য হাতিয়ে নেয়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইবার আক্রমণ হলো এমন একটি প্রতারণামূলক কৌশল, যেখানে হ্যাকাররা বিশ্বাসযোগ্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশে ব্যবহারকারীদের কাছ থেকে সংবেদনশীল তথ্য আদায় করে।
বিশ্বজুড়ে ১২ কোটি ৫০ লাখের বেশি গ্রাহক থাকা অ্যালিয়াঞ্জ জানায়, যেসব ব্যক্তি এ তথ্যচুরির ঘটনায় আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা দেয়া হচ্ছে।