বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে দেশটির সরকার সম্প্রতি নির্দেশিকা প্রকাশ করেছে। আগামী ১০ ডিসেম্বর থেকে এ আইন কার্যকর হবে। খবর নিক্কেই এশিয়া
নতুন আইন অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, এক্স ও ইউটিউবের মতো জনপ্রিয় প্লাটফর্মগুলোকে অবশ্যই শিশু ব্যবহারকারীদের অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন করে সাইন আপের চেষ্টা ঠেকাতে ব্যবহার করতে হবে বহুস্তরীয় বয়স যাচাই ব্যবস্থা। তবে প্রত্যেক ব্যবহারকারীর বয়স নিশ্চিত করা বাধ্যতামূলক নয়। প্রতিষ্ঠানগুলোকে কেবল যুক্তিসঙ্গত পদক্ষেপ নিতে হবে। তা না করা হলে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার (৩ কোটি ৩০ লাখ ডলার) জরিমানার মুখে পড়তে পারে তারা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়া সরকারের প্রকাশিত ৫২ পৃষ্ঠার নির্দেশিকায় বলা হয়েছে, কিশোরদের মানসিক ও সামাজিক ক্ষতি ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। এতে বয়স যাচাইয়ের জন্য তিনটি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো— শারীরিক বৈশিষ্ট্য বিশ্লেষণ (ফেশিয়াল রেকগনিশন), ব্যবহার অভ্যাস থেকে বয়স অনুমান ও সরকারি আইডির মাধ্যমে যাচাই। তবে শুধু সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা যাবে না। আবার কেবল ব্যবহারকারীর নিজের বয়স ঘোষণা করাও যথেষ্ট হবে না।
অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, ‘বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বয়স যাচাই করার সক্ষমতা রয়েছে। তাই আইন মানতে তাদের কোনো অজুহাত দেয়া চলবে না। এ প্রক্রিয়া অবশ্যই কার্যকর হতে হবে। একই সঙ্গে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা ও ন্যায়সংগত পদ্ধতি নিশ্চিত করতে হবে।’
দেশটির ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানিয়েছেন, আইন কার্যকর হওয়ার পর কোম্পানিগুলোকে প্রথমেই অপ্রাপ্তবয়স্কদের বিদ্যমান অ্যাকাউন্ট বন্ধ করতে হবে। এজন্য ব্যবহারকারীদের অভিযোগ জানানোর সুযোগ দিতে হবে। তবে কমিশন স্বীকার করেছে, নিষেধাজ্ঞা এড়াতে অনেকে ভিপিএনসহ নানা কৌশল ব্যবহার করতে পারে। তাই প্রয়োজনে ব্যবহারকারীদের বয়স পুনরায় যাচাই করতে হবে।
উচ্চ ঝুঁকিপূর্ণ প্লাটফর্মগুলোর ওপর থাকবে কঠোর নজরদারি। এসব প্লাটফর্মে অনেক কিশোর সক্রিয় থাকে। পাশাপাশি কনটেন্ট সাজাতে অ্যালগরিদম ব্যবহার করা হয়। নিয়মিত লাইক ও নোটিফিকেশনও পাঠানো হয়। সরকারের প্রত্যাশা, এ উদ্যোগ ভবিষ্যতে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে।