নাসডাকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন করল বাজার শেয়ারের দিক থেকে তুরস্কের দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স প্লাটফর্ম হেপিসিবুরাদা ডটকম। গত সপ্তাহের শেষ দিকে আইপিওর জন্য ওই আবেদন করা হলেও এখনো স্পষ্ট জানা যায়নি কতগুলো শেয়ার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। খবর ব্লুমবার্গ।
করোনা মহামারীর কারণে গত বছর অনলাইনে কেনাকাটা বৃদ্ধিতে তুর্কি এ ই-কমার্স জায়ান্টটির আয় দ্বিগুণ বেড়েছে।
গত বছর তারা ৬৪০ কোটি লিরা বা ৭৫ কোটি ডলার আয় করেছিল।
যেখানে ২০১৯ সালে কোম্পানিটির আয় ছিল ২৬০ কোটি লিরা।
গত বছর তুরস্কের ই-কমার্স খাতে ১৭ শতাংশ বাজার শেয়ার ছিল হেপিসিবুরাদার।
সাম্প্রতিক সময়ে তুরস্কের বেশ কয়েকটি কোম্পানি আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে।
সে ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন হচ্ছে হেপিসিবুরাদা।
নাসডাকে আইপিও কার্যক্রম পরিচালনার জন্য মরগ্যান স্ট্যানলি, জেপি মরগ্যান চেজ, ব্যাংক অব আমেরিকা সিকিউরিটিজ, ইউবিএস ইনভেস্টমেন্ট ব্যাংক ও গোল্ডম্যান স্যাকসকে দায়িত্ব দেয় তুর্কি ই-কমার্স জায়ান্টটি।