চট্টগ্রামে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩’।

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো ২০২৩’। গতকাল শুরু হওয়া তিন দিনব্যাপী এ মেলা চলবে আগামীকাল পর্যন্ত। চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে ‘প্রযুক্তিতে হব সমৃদ্ধ বেশ, গড়ে তুলব স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, মেলায় হালনাগাদ প্রযুক্তির সম্ভার নিয়ে ৮১টি স্টল ও ১৬টি প্যাভিলিয়নের ব্যবস্থা রাখা হয়েছে। এসব স্টল থেকে প্রযুক্তিপণ্য কেনাকাটায় মিলছে বিভিন্ন উপহার ও মূল্যছাড়। মেলায় প্রবেশের টিকিটের ওপর লটারি অনুষ্ঠিত হবে। এসব লটারির ড্রতে রাখা হয়েছে আকর্ষণীয় উপহার। এছাড়া দর্শনার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট ও ওয়াই-ফাই জোনের সুবিধা তো রয়েছেই। পাশাপাশি ইনোভেশন জোন, বঙ্গবন্ধু কর্নার, ৩৬০ ডিগ্রি ফটো বুথ ও গেমিং জোনের ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া গেমিং জোনে গেম খেলার সুযোগ থাকছে, রয়েছে ফুড কোর্ট।

মেলার আহ্বায়ক মো. দিদারুল আলম চৌধুরী জানান, এ মেলায় তথ্যপ্রযুক্তির নিত্যনতুন ও জীবনধারাভিত্তিক আবিষ্কারের খোঁজ পাবেন দর্শনার্থীরা। এর মাধ্যমে সাধারণ জীবনে মিলবে স্মার্ট সলিউশন। পাশাপাশি সচেতনতা, বিনোদন ও শিক্ষামূলক বৈচিত্র্যময় নানা আয়োজনের মধ্যে পাঁচটি সেমিনার ও বিটুবি সেশনের ইভেন্ট রাখা হয়েছে।

মেলায় প্রবেশমূল্য রাখা হয়েছে ১০ টাকা। স্কুল শিক্ষার্থী ও সংবাদকর্মীরা বিনামূল্যে প্রবেশ করতে পারছেন। এছাড়া রোটার‍্যাক্ট, রোটারি, লিও ও লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি সোশ্যাল ইনফ্লুয়েন্সাররাও বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও