বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ বা ‘জিটিএ সিক্স’। গেমটি নিয়ে সর্বশেষ আনুষ্ঠানিক তথ্য মেলে প্রায় দেড় বছর আগে। নভেম্বরে গেমটির মুক্তির কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার ভক্তদের জন্য ২৬ মিনিটের একটি আগাম ঝলক (প্রিভিউ) প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। প্রিভিউটি প্রচার করে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ও গেম স্ট্রিমিং সাইট টুইচ। খবর সিএনবিসি।
গেইমিং শিল্পের বাজার গবেষণা প্রতিষ্ঠান নিউজুর তথ্যানুযায়ী, জিটিএ সিক্সের বৈশ্বিক প্রি-অর্ডার এরই মধ্যে ২৬ কোটি ডলারে পৌঁছে গেছে। আগামী ১৯ নভেম্বর প্লেস্টেশন ফাইভ ও এক্সবক্স সিরিজ এক্স/এস প্ল্যাটফর্ম দিয়ে গেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসবে বলে জানা যায়।
নিউজুর পূর্বাভাস বলছে, প্রথম সপ্তাহেই এর বিক্রি সাড়ে ৪ বিলিয়ন বা ৪৫০ কোটি ডলারে গিয়ে ঠেকতে পারে। উল্লেখ্য, ১৩ বছর আগে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ এখনো প্রতি বছর বিশ্বের শীর্ষ পাঁচটি ‘বেস্টসেলিং’ ভিডিও গেমের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে।
গেমর্যান্ট এর আগে জানায়, জুনের শেষে প্রি-অর্ডার বা অগ্রিম বুকিং শুরুর এক ঘণ্টার মধ্যে গেমটি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার আয় করে। গেমটি তৈরিতে খরচও হয়েছে ব্যাপক অর্থ। জানা যায়, জিটিএ সিক্স নির্মাণে যে পরিমাণ সময় ও অর্থ ব্যয় হয়েছে, তা বাস্তবে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণের চেয়েও বেশি।
রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে নির্মাণ ব্যয়ের হিসাব প্রকাশ করেনি, তবে গেমিং শিল্প বিশেষজ্ঞ ও বিভিন্ন ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়, গেমটির মোট বাজেট ১৫০-২০০ কোটি ডলার।