আগের দুটি প্রোটোটাইপে সফল না হলেও নিজেদের সর্বশেষ এসএন১০ স্টারশিপকে টেস্ট ফ্লাইট শেষে নিরাপদেই অবতরণ করাতে সক্ষম হয়েছে স্পেসএক্স। কিন্তু শেষ রক্ষা হয়নি। টেক্সাসের ল্যান্ডিং প্যাডে অবতরণের সময় নতুন প্রজন্মের এ মহাকাশযানের গতি প্রত্যাশিত মাত্রার চেয়ে একটু বেশিই ছিল। ফলে অবতরণের ৮ মিনিট পর এর বেজের চারপাশে আগুন ধরে যায় এবং এক পর্যায়ে এটি বিস্ফোরিত হয়। শেষটা ইতিবাচক না হলেও এ পরীক্ষামূলক উড্ডয়নের ফলাফলকে আশাব্যঞ্জক হিসেবেই দেখছে স্পেসএক্স। বিবিসি