অ্যান্ড্রয়েড ফোনে নতুন সফটওয়্যার হালনাগাদ ইনস্টল করা জরুরি। কারণ এতে ফোনে নতুন ফিচার আসে ও ঠিক হয় পুরনো সব বাগ। তবে আপডেট হয়ে যাওয়া মানেই কাজ শেষ নয়। ফোনটি আপডেট দেয়ার পর যেন ঠিকভাবে ও দ্রুত চলে, তাই আরো কিছু পরীক্ষা ও পরিবর্তন করাও জরুরি। যেমন-
সেটিংস পর্যালোচনা করা: সফটওয়্যার আপডেটের ফলে অনেক সময় কিছু সেটিংস বদলে যায়। তাই আপডেটের পর প্রথমেই মোবাইল ডাটা, ব্যাকগ্রাউন্ড ডাটা ও প্রাইভেসি সেটিংস চেক করে নিন। যদি কেউ সীমিত ডাটা প্ল্যান ব্যবহার করে, তাহলে ডাটা ব্যবহারের সীমা বা সতর্কবার্তা নতুন করে ঠিক করে নিতে হবে।
অ্যাপগুলো আপডেট করা: সফটওয়্যার আপডেটের পাশাপাশি ফোনে থাকা অ্যাপগুলো আপডেট করে নিতে হবে। নয়তো সামঞ্জস্যের সমস্যা, অপ্রত্যাশিত ত্রুটি বা ঘন ঘন ক্র্যাশের সম্মুখীন হতে হবে। তাই পরবর্তী ধাপ হলো অ্যাপসগুলো আপ-টু-ডেট আছে কিনা তা নিশ্চিত করা।
ক্যাশে পার্টিশন মুছে ফেলা: আপডেটের পর অনেক অস্থায়ী ফাইল জমে যায়, যেগুলো ফোনের কার্যক্ষমতা ধীর করে দিতে পারে বা ব্যাটারি দ্রুত ফুরিয়ে যেতে পারে। তাই ক্যাশে পার্টিশন ক্লিয়ার করে নেয়া ভালো। সেজন্য ফোনটি বন্ধ করে, স্যামসাং ফোন হলে ভলিউম আপ ও পাওয়ার বাটন একসঙ্গে আর পিক্সেল ফোন হলে ভলিউম ডাউন ও পাওয়ার বাটন একসঙ্গে চেপে ধরে রাখতে হবে। রিকভারি মুডে যেয়ে ওয়াইপ ক্যাশে পার্টিশন সিলেক্ট করে ইয়েস চাপতে হবে। রিবুট সিস্টেম সিলেক্ট করে ফোন রিস্টার্ট দিতে হবে। এতে কোনো ব্যক্তিগত তথ্য মুছে যাবে না।
স্টোরেজ চেক করা: নতুন সফটওয়্যার আপডেটের কারণে অতিরিক্ত স্টোরেজ ব্যবহার হতে পারে। যদি ফোনে আগে থেকেই জায়গা কম থাকে, তাহলে পারফরম্যান্স কমে যেতে পারে বা ভবিষ্যতে আপডেট ইনস্টল করতেও সমস্যা হতে পারে। তাই সেটিংসের স্টোরেজ অথবা সেটিংস থেকে ডিভাইস কেয়ারে গিয়ে এরপর স্টোরেজে গিয়ে ট্র্যাশ ফোল্ডার খালি ও অ্যাপ ক্যাশে পরিষ্কার করতে হবে।
প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট করা: আপডেটের পর ফোনে যদি বড় ধরনের বাগ, হ্যাং বা ক্র্যাশ হতে থাকে এবং সাধারণ সমাধানেও কাজ না হয়, তাহলে ফ্যাক্টরি রিসেট করা যেতে পারে। তবে এ কাজ করার আগে অবশ্যই সব গুরুত্বপূর্ণ তথ্য গুগল ড্রাইভ, কম্পিউটার বা এক্সটার্নাল স্টোরেজে ব্যাকআপ রাখতে হবে। এরপর রিসেট করে আবার ডাটা ফিরিয়ে আনতে হবে।
যেকোনো বাগ রিপোর্ট করা: সবচেয়ে বড় কোম্পানিগুলোও অনেক সময় সব বাগ ধরতে পারে না। তাই ফোনে কোনো সমস্যা হলে সেটি রিপোর্ট করা উচিত। এক্ষেত্রে সেটিংসে যেয়ে অ্যাবাউট ফোন অপশনে ‘সেন্ড ফিডব্যাক অ্যাবাউট দিস ডিভাইস’-এ গিয়ে রিপোর্ট পাঠানো যায়। মেকইউজঅব অবলম্বনে