বছরের প্রথম নয় মাস

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চাকরি হারিয়েছেন প্রায় ৮৮ হাজার কর্মী

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। গুগল, মাইক্রোসফট, মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে থামছে না কর্মী ছাঁটাই।

প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের ধারা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। গুগল, মাইক্রোসফট, মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে থামছে না কর্মী ছাঁটাই। চাকরি ছাঁটাইয়ের তথ্যভিত্তিক ওয়েবসাইট লেঅফসডট এফওয়াইআইয়ের তথ্যানুযায়ী চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে প্রায় ৮৮ হাজার প্রযুক্তি কর্মী কর্মসংস্থান হারিয়েছেন। এর মধ্যে শুধু এপ্রিলে ছাঁটাই হয়েছে ২৩ হাজারের বেশি। অন্যদিকে গত বছর বিশ্বের ৫৪৯টি কোম্পানিতে সব মিলিয়ে চাকরি হারিয়েছেন ১ লাখ ৫০ হাজার কর্মী। খবর টেকক্রাঞ্চ।

লেঅফসডট এফওয়াইআইয়ের তথ্য বলছে, গত এপ্রিলে বিশ্বজুড়ে ১৯টি কোম্পানিতে ২৩ হাজার ৪৬৮ জন কর্মী চাকরি হারিয়েছেন, যা মার্চের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগের মাসে ২১টি কোম্পানিতে মোট ৮ হাজার ৮৩৪ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছিল।

প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন, গুগলসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডাটা সেন্টার খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এজন্য টেক জায়ান্টরা অন্য খাতে খরচ কমানোর চেষ্টা করছে। তবে সবচেয়ে বড় কারণ হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতি। ফলে ব্যবসার খরচ কমাতে কোম্পানিগুলো সতর্ক ও পরিকল্পিত সিদ্ধান্ত নিচ্ছে। সে প্রক্রিয়ায় কর্মী ছাঁটাইকে একটি সহজ বা তাৎক্ষণিক সমাধান হিসেবে দেখা হচ্ছে।

লেঅফসডট এফওয়াইআইয়ের মাসভিত্তিক বিবরণ অনুযায়ী জানুয়ারিতে ২ হাজার ৪০৩ জন, ফেব্রুয়ারিতে ১৬ হাজার ২৩৪, মার্চে প্রায় ৯ হাজার, এপ্রিলে ২৩ হাজারের বেশি, মে মাসে ১০ হাজার ৩৯৭, জুনে ১ হাজার ৬০৬, জুলাইয়ে ১৬ হাজারের বেশি, আগস্টে ৬ হাজার ২ জন ও সেপ্টেম্বরে ২ হাজার ২০৫ জন প্রযুক্তি কর্মীকে ছাঁটাই করা হয়েছে বিশ্বজুড়ে।

চলতি বছর কর্মী ছাঁটাই নিয়ে সবচেয়ে আলোচনায় ছিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। জুলাইয়ে প্রায় নয় হাজার কর্মীকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি, যা মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীবলের প্রায় ৪ শতাংশ। এআই প্রযুক্তিকে নিজেদের ব্যবসায় আরো কার্যকরভাবে একীভূত করতে এবং প্রতিষ্ঠানকে আরো বেশি দক্ষ ও খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া কোম্পানিটি জানুয়ারি, মে, জুন মিলিয়েও ছয় হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে। একই মাসে ৬৫ কর্মীকে চাকরিচ্যুত করে টিকটকের প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্সও।

এআইয়ের ব্যবহার বাড়ানো ও খরচ কমানোর লক্ষ্যে সেপ্টেম্বরের শেষে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল। ফলে চাকরি হারান ডিজাইন টিমে কাজ করা ১০০-এর মতো কর্মী। এছাড়া চলতি বছরের শুরু থেকেই গুগলের বিভিন্ন বিভাগে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা দেখা গেছে। এর আগে স্বেচ্ছায় অবসরের প্রস্তাব দেয়া হয়েছিল মানবসম্পদ, বিজ্ঞাপন, হার্ডওয়্যার, বিপণন ও অর্থ বিভাগের কর্মীদের।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই কর্মক্ষেত্রে এআইয়ের গুরুত্ব নিয়ে এক সেমিনারে বলেন, ‘‌কোম্পানি কেবল নতুন কর্মী নিয়োগ দিয়ে এগোতে পারবে না। কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে।’

গত মাসে ডাটা অ্যানোটেশন টিম থেকে অন্তত ৫০০ কর্মী ছাঁটাই করেছে ইলোন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান এক্সএআই। কোম্পানির গ্রোক চ্যাটবট তৈরি ও বিকাশে কাজ করত এ দল। পাশাপাশি বিভিন্ন প্রতিবেদন থাকে জানা যায়, একই মাসে চাকরি হারান ওরাকলের সিয়াটল ও সানফ্রান্সিসকোর ৩৫৫ কর্মী। আগস্টের ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি সিয়াটলে ১০১ ও সানফ্রান্সিসকোয় ২৫৪ কর্মী ছাঁটাই করেছে। এ ছাঁটাইয়ের আগে কোম্পানির স্থানীয় কর্মী সংখ্যা ছিল প্রায় চার হাজার।

আরও