২০২৫ সালের প্রথমার্ধ

এআই খাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যয় ছাড়িয়েছে ১৫ হাজার কোটি ডলার

বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে একে অন্যকে পেছনে ফেলতে বিপুল অর্থ ব্যয় করছে।

বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে একে অন্যকে পেছনে ফেলতে বিপুল অর্থ ব্যয় করছে। চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টগুলো এআই খাতে ব্যয় করেছে ১৫ হাজার ৫০০ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, চাকরির ব্যবস্থা ও সমাজসেবা খাতে ব্যয় করা অর্থের চেয়েও বেশি। খবর দ্য গার্ডিয়ান।

সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি কোম্পানি মেটা, মাইক্রোসফট, অ্যামাজন ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট গত প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে, কোম্পানিগুলো ২০২৫ সালে এখন পর্যন্ত শত শত কোটি ডলার ব্যয় করেছে ডাটা সেন্টার, সার্ভার ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে।

বিশ্লেষকদের মতে, বিনিয়োগের এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে বৈশ্বিক এআই খাতে বিনিয়োগের পরিমাণ কয়েক শত বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।

কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চালাতে প্রয়োজন বিশাল অবকাঠামো। বিশেষ করে ডাটা সেন্টার, যেখানে প্রচুর বিদ্যুৎ, পানি ও ব্যয়বহুল চিপ ব্যবহার হয়।

গুগলের সর্বশেষ আয়ের প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানির মূলধনি ব্যয়ের (প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, সরঞ্জাম বা অন্যান্য ভৌত সম্পদের উন্নয়ন বা রক্ষণাবেক্ষণের জন্য করা ব্যয়) বড় একটি অংশই এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় সার্ভার ও ডাটা সেন্টার নির্মাণ ও বিকাশে খরচ করা হচ্ছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো নির্মাণে বিপুল অংকের অর্থ ব্যয় করছে প্রযুক্তি জায়ান্টরা।

মাইক্রোসফট জানিয়েছে, শুধু চলতি প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এআই সার্ভার ও ডাটা সেন্টার তৈরিতে ব্যয় করা করবে ৩ হাজার কোটি ডলারের বেশি।

প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা অ্যামি হুড বলেন, ‘এ প্রান্তিকের মূলধনি ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি হবে। বছরের তৃতীয় প্রান্তিকে আগের রেকর্ড ২ হাজার ৪২০ বিলিয়ন ডলারের মূলধনি ব্যয়ও ছাড়িয়ে যাবে।’

শুধু ২০২৫ সাল নয়, আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের পরিমাণ আরো দ্রুত বাড়াতে যাচ্ছে বড় প্রযুক্তি কোম্পানিগুলো।

মাইক্রোসফটের প্রধান নির্বাহী (সিইও) সত্য নাদেলা জানিয়েছেন, প্রতিষ্ঠানটি ২০২৬ সালে এআই খাতে প্রায় ১০ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করছে। এদিকে মেটাও বিশাল অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে আগামী বছরের জন্য।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর বহু বিলিয়ন ডলারের এ বিনিয়োগ এতটাই বিশাল যে তা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রান্তিকে প্রতিরক্ষা খাতে ব্যয়ের তুলনায়ও বেশি।

এদিকে নিজের খরচ বা বিনিয়োগ নিয়ে সতর্ক থাকা অ্যাপলও আগামী বছর এআই খাতে বড় পরিমাণে বিনিয়োগ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। কোম্পানিটি নতুন কোনো প্রযুক্তি বা প্রকল্পে বিনিয়োগ করতে পারে বা অন্য কোনো কোম্পানি কিনে (অধিগ্রহণের মাধ্যমে) এআই খাতে নিজেদের শক্তিশালী করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

আরও